বৃষ্টি হলেই বিকল হয়ে যায় ট্রান্সফরমার। আর রোদ উঠলে বাড়ে লোডশেডিং। এটাই এখন চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থার সাধারণ চিত্র।গত শুক্রবার রাতে বৃষ্টি হয়। ওই রাতেই নগরের বিভিন্ন স্থানে বিকল হয় ছয়টি ট্রান্সফরমার। এতে অনেক বড় এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন শনিবার রোদ ওঠে। প্রচণ্ড গরম পড়ে। আর সেদিন গড় লোডশেডিং ৫০ মেগাওয়াট থেকে ২০০ মেগাওয়াটে উঠে আসে। রাতে লোডশেডিং দাঁড়ায় সাড়ে ৩০০ মেগাওয়াটে। অথচ চট্টগ্রামে বিদ্যুতের গড় চাহিদা ৬০০ মেগাওয়াট।চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী শাহীনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা ট্রান্সফরমার বিকল হওয়া ঠেকাতে বিদ্যুতের চাপ (লোড) ভাগাভাগি করার পরিকল্পনা নিয়েছি। এ জন্য কিছু নতুন ট্রান্সফরমার বসাতে হবে।’ তিনি বলেন, ‘গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন এসি চালানো শুরু করে। শত শত শীতাতপ যন্ত্র বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় চাপ ফেলে। তাই লোডশেডিং হয়।’ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে ট্রান্সফরমার বিকলের গড় পরিমাণ ছিল ১৫ থেকে ২০টি। কিন্তু জুলাই মাসে এসে তা ৭৯টিতে পৌঁছেছে। এর পরের মাস অর্থাৎ আগস্টে এ সংখ্যা দাঁড়ায় ১০৫টিতে। সেপ্টেম্বর মাসে বিকল ট্রান্সফরমারের সংখ্যা ছিল ৯৮টি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ বছর আগস্টেই তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয় চট্টগ্রামে। ওই তিন মাসে মোট ২৮২টি ট্রান্সফরমার বিকল হলেও মেরামত করা হয় ১৮৬টি। চট্টগ্রাম পিডিবির আঞ্চলিক মেরামত কারখানা (আমেক) সূত্রে জানা যায়, একটি ট্রান্সফরমার বিকল হওয়ার পর তা মেরামত করে পুনরায় স্থাপন করতে গড়ে সাত থেকে ১০ দিন লেগে যায়। এ সময়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়।চট্টগ্রাম পিডিবির জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, এত দীর্ঘ সময় লেগে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে লোকবলের সংকট। ফলে গ্রাহকেরা প্রত্যাশিত সেবা অনেক সময় পান না। আমেক সূত্র জানায়, গতকাল রোববার পর্যন্ত আমেকে মেরামতের জন্য জমা হয়ে আছে ৯০টি ট্রান্সফরমার।খোঁজ নিয়ে জানা যায়, অপেক্ষাকৃত ঘনবসতি ও শিল্প এলাকায় তুলনামূলকভাবে বেশি ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনা ঘটছে। এসব এলাকার মধ্যে রয়েছে বাকলিয়া, আগ্রাবাদ ও হালিশহর। নগরের বাকলিয়া কেবি আমান আলী সড়কের বাসিন্দা গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ট্রান্সফরমার বিকল হওয়ায় টানা চার দিন ধরে বিদ্যুৎ নেই। বাধ্য হয়ে আমরা ওই এলাকা থেকে আত্মীয়ের বাসায় উঠেছি।’ একই এলাকায় বসবাসকারী একটি দৈনিক পত্রিকার একজন জ্যেষ্ঠ প্রতিবেদক বলেন, ‘আমি জন্ডিসের রোগী। কিন্তু বাসায় বিদ্যুৎ নেই। তাই সপরিবারে আগ্রাবাদ চলে এসেছি। জানি না কখন ফিরে যেতে পারব। পিডিবির কর্মকর্তাদের অনেক অনুরোধ করেছি। কিন্তু কাজ হয়নি।’