বৃষ্টিতে বীজতলা নষ্ট
প্রায় এক সপ্তাহ ধরে চলা টানা বর্ষণে বগুড়ার আদমদীঘি উপজেলার ২০টি গ্রামের মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৩০০ একর জমির আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পানির নিচে বীজতলা ডুবে থাকায় নষ্ট হয়ে গেছে বলে কৃষকেরা জানিয়েছেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে কৃষকেরা আমন ধানের চারা রোপণ করেন। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এ মৌসুমে বীজতলায় ভালো চারা উৎপন্ন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল জানান, কয়েক দিনের অবিরাম বৃষ্টির কারণে বীজতলার আমন চারার অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, পানি দ্রুত নেমে গেলে নতুন করে আবারও বীজতলা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে কৃষকদের বীজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বৃষ্টির কারণে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তাড়তা গ্রামের কাছে নাগর নদের বেড়িবাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তাড়তা গ্রামের শিক্ষক আবদুল আলিম জানান, জলাবদ্ধতার কারণে নদের পার্শ্ববর্তী তাড়তা, আড়াইল, বশিকোড়া, শিববাটি, গাদোঘাট, তিলোচ, মঠপুকুরিয়াসহ কয়েকটি গ্রামের আমন বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। অপরদিকে উপজেলার রক্তদহ বিলের পার্শ্ববর্তী কদমা, করজবাড়ী, রামপুরা কাশিমিলা, দমদমা, সান্দিড়া, ছাতনীসহ আরও ৮-১০টি গ্রামের কৃষকদের ধানের চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।