বৃষ্টিতে বেতাগীর কৃষকদের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে গত সপ্তাহের তিন দিনের টানা বৃষ্টিতে বরগুনার বেতাগী উপজেলার রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। অধিকাংশ খেতে পানি জমে যাওয়ায় মরিচ, মিষ্টিআলু, সূর্যমুখী, ডালসহ বিভিন্ন শস্যের গাছের শিকড় পচে যাওয়ায় গাছ মরে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা জানান, তিন দিনের বর্ষণে রবিশস্যের প্রায় ৮০ ভাগ সম্পূর্ণ ক্ষতি হয়েছে। প্রায় খেতেই তিন থেকে চার ফুট বৃষ্টির পানি জমে তলিয়ে যাওয়ায় গাছের শিকড় পচে পাতা ও কাণ্ড নেতিয়ে পড়েছে। বিশেষ করে তিল, শাকসবজি, মুগডাল, চিনাবাদাম, সূর্যমুখী চাষিদের ৭০ থেকে ৮০ ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এই উপজেলার কয়েক হাজার চাষি সর্বস্বান্ত হয়েছেন। এ ছাড়া মরিচ, গোলআলু, খিরাই, খেসারিসহ অন্যান্য রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এ উপজেলায় ৮ হাজার ৯৭০ হেক্টর জমিতে বিভিন্ন রবিশস্যের আবাদ হয়েছে। এর মধ্যে মুগ ৪ হাজার ৫০, খেসারি ৩ হাজার ৫০০, মরিচ ৬০০, মিষ্টিআলু ৫০০, শাকসবজি ৪৫০, বাদাম ১২০ হেক্টর জমিতে এবং বাকি জমিতে অন্যান্য রবিশস্যের আবাদ হয়েছে।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, তিন দিনের টানা বর্ষণের কারণে বেতাগী পৌর শহরের খাড়াকান্দা, বেতাগী বাজার এলাকায় কয়েক শ হেক্টর জমিতে আবাদ করা রবি ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেতাগী পৌর শহরের খাড়াকান্দা এলাকার কৃষক মো. কামরুল ইসলাম জানান, তিনি চার একর জমিতে মুগডাল, মরিচ, চিনাবাদাম, টমেটো, মিষ্টিকুমড়া ও সূর্যমুখী আবাদ করেছিলেন। ফসল ঘরে তোলার আগে এর অধিকাংশই শেষ হয়ে গেছে। পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ উদ্দিন জানান, বর্ষণে তাঁর সব আশা শেষ হয়ে গেছে।

শুধু উল্লেখিত কৃষকেরা নন, একই চিত্র বেতাগী পৌরসভার ফরিদ হাওলাদার, মেহের গাজী, করুণা গ্রামের নাসির উদ্দিন, জাকির হোসেন মাতুব্বর, কাজিরাবাদের মনির হোসেন, মন্টু হাওলাদার, সড়িষামুড়ির আবদুর রহিম, আবদুল কাদের, কেওড়াবুনিয়ার মো. সোহেল, মো. আলীম, কাউনিয়ার আবদুল জব্বার, শাহ আলম পণ্ডিত ও আবদুল খালেকের।

করুণা গ্রামের নাসির উদ্দীন জানান, ধারদেনা ও ঋণ এনে দুই একর জমিতে বরিশস্যের আবাদ করেছিলেন তিনি। বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় এর সবই শেষ হয়ে গেছে। মরিচ, মিষ্টিআলু ও টমেটো গাছগুলোর শিকড় পচে যাওয়ায় সেগুলো মরে যাচ্ছে।

কাজিরাবাদ গ্রামের কৃষক মনির হোসেন বলেন, ‘প্রথম দিন যখন বৃষ্টি হয়েছিল সেদিন মনটা আনন্দে ভরে উঠেছিল। সেই বৃষ্টি ছিল রবি ফসলের জন্য আশীর্বাদ। কিন্তু তিন দিন একটানা অতিবর্ষণের ফলে সে আনন্দ আমাদের মাটি হয়ে গেছে। খেতে পানি জমে যাওয়ায় সব ফসল শেষ।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, অতিবর্ষণের কারণে রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা। তবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব পেতে আরও সময় লাগবে।