বৃষ্টিতে বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের ফৌজদারহাট-বন্দর সড়কে থাকা গর্তগুলো আরও বড় হয়ে গেছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী গাড়ির চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবোঝাই গাড়ি ফৌজদারহাট-বন্দর সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, ফৌজদারহাট সংযোগস্থল থেকে লতিফপুর জেলেপাড়া পর্যন্ত দুই কিলোমিটার এবং টোল কার্যালয়ের উভয় দিকে আরও দুই কিলোমিটারের মতো অংশ খানাখন্দে ভরা। কোথাও কোথাও গর্ত অনেক বড় আকার ধারণ করেছে। সওজের কয়েকজন কর্মী ইট দিয়ে এসব গর্ত ভরাটের চেষ্টা করছেন।
গাড়িচালক সালাউদ্দীন বলেন, তিনি ৩৩ টন লোহা নিয়ে বন্দর থেকে কারখানায় যাচ্ছিলেন। সড়ক বেহাল হওয়ায় লতিফপুর জেলেপাড়ায় গাড়ির দুই চাকা ফুটো হয়ে যায়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট সংযোগস্থল পর্যন্ত সড়কটি ১২ কিলোমিটার। এর মধ্যে তিন কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। এ অংশে নতুনভাবে কাজ করার জন্য আগামী মাসে দরপত্র আহ্বান করা হবে। ঈদুল আজহার পর পর কাজ শুরু করা হতে পারে বলে জানিয়েছেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, যে পরিমাণ পণ্য নিয়ে ওই পথে গাড়ি যাওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি পণ্য নিয়ে গাড়ি চলাচল করে। এতে বৃষ্টি হলেই খানাখন্দের সৃষ্টি হয়। তাঁদের লোকজন নিয়মিত কাজ করছেন। কিন্তু বৃষ্টির কারণে সংস্কারকাজ টিকিয়ে রাখা যাচ্ছে না।
পণ্য পরিবহন মালিক সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বলেন, সড়কটি দিয়ে দিনে ছয়শতাধিক পণ্যবাহী গাড়ি চলাচল করে। এ ছাড়া অন্য গাড়ি তো আছেই।
এদিকে সড়কটি বেহাল হওয়ায় পণ্যবোঝাই অনেক গাড়িকে চট্টগ্রাম নগরের ভেতর দিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে নগরের সড়কগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি যানজটের সৃষ্টি হচ্ছে।