বৃষ্টিতে বেহাল ৩০০ কিমি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ছবিটি গতকাল বেলা দুইটায় সিডিএ অ্যাভিনিউ সড়কের বহদ্দারহাট এলাকা থেকে তোলা l সৌরভ দাশ
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ছবিটি গতকাল বেলা দুইটায় সিডিএ অ্যাভিনিউ সড়কের বহদ্দারহাট এলাকা থেকে তোলা l সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের মোট সড়কের দৈর্ঘ্য ১ হাজার ১৭৪ কিলোমিটার। টানা বর্ষণের কারণে জলাবদ্ধতায় এবার বর্ষার শুরুতেই প্রায় তিন শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টিতে এসব সড়কের সংস্কারকাজ শুরু করতে পারছে না সিটি করপোরেশন। তাৎক্ষণিকভাবে ইট-বালি দিয়ে সড়কের ভাঙা অংশ সংস্কার করা হলেও তা-ও বেশি দিন টিকছে না। এতে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ সহজে দূর হবে না বলে জানান সিটি করপোরেশনের প্রকৌশলীরা।

চলতি বছরের ৩১ মে, ১২ জুন, ৩ ও ৪ জুলাই বৃষ্টিতে চট্টগ্রাম নগরের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে নগরের প্রায় ৩০ শতাংশ সড়কের কোথাও খানাখন্দ, কোথাও পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে ধীরগতিতে চলছে যানবাহন।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, টানা বর্ষণে নগরের পোর্ট কানেকটিং (পিসি) রোড, আগ্রাবাদ এক্সেস রোড, ঢাকা ট্রাঙ্ক (ডিটি) রোড, স্ট্র্যান্ড রোড, শেখ মুজিব সড়ক, সিডিএ অ্যাভিনিউ, আরাকান সড়ক, হাটহাজারী সড়ক (মুরাদপুর থেকে অক্সিজেন), বায়েজিদ বোস্তামী সড়ক, কাপাসগোলা সড়ক, ফিরিঙ্গিবাজার সড়ক, মেরিনার্স সড়ক, জুবিলী রোড, খাজা রোড, মিয়াখান সড়ক ও হালিশহর সড়ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৩১ মে ও ১২ জুন এই দুই দিনের জলাবদ্ধতা ও বৃষ্টিতে চট্টগ্রাম নগরের প্রায় ১৫ শতাংশ সড়ক নষ্ট হয় বলে জানান সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে অতিবর্ষণে ভাঙা সড়কগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে নষ্ট হওয়া সড়কের পরিমাণ প্রায় ৩০ শতাংশ। প্রতিদিনই এর পরিমাণ বাড়ছে। মেয়র বলেন, টানা বৃষ্টির কারণে সড়কগুলোর পিচ ঢালাই করা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুম শেষেই সড়কগুলোর উন্নয়ন ও সংস্কারে সর্বাত্মক কাজ শুরু হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নগরের স্ট্র্যান্ড রোডের পশ্চিম মাদারবাড়ীর রশিদ বিল্ডিং মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের এক পাশে কাভার্ড ভ্যান, অন্য পাশে ট্রাক আর মাইক্রোবাস পার্ক করে রাখা। এরপর মাঝখানে যে অংশটুকু আছে, সেখানে বড় বড় গর্ত। এই গর্ত এড়িয়ে গাড়ি চলার সুযোগ নেই। তাই থমকে যেতে হচ্ছে দ্রুতগতিতে আসা কাভার্ড ভ্যান, ট্রাক আর সিএনজিচালিত অটোরিকশাকে। ধীরগতিতে গাড়ি চলার কারণে সেখানে সৃষ্টি হয়েছে যানজট।

মোড়ে দায়িত্ব পালন করা ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) মোহাম্মদ আলমগীর বলেন, গর্তগুলোর জন্য গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কষ্ট হচ্ছে। সিটি করপোরেশনকে বলা হয়েছে সড়ক-সংস্কারের জন্য। এখনো অবশ্য সংস্কার শুরু হয়নি।

পশ্চিম মাদারবাড়ী এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গর্তগুলো আগে একবার ভরাট করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে তা টেকেনি। এখন গর্তগুলো আরও বড় হয়েছে। কাভার্ড ভ্যান চালক আব্বাস উদ্দিন বলেন, ‘বড় বড় গর্তগুলো দিয়ে গাড়ি চালানোই বিপজ্জনক হয়ে গেছে। কখন কী দুর্ঘটনা ঘটে যায় সে টেনশনে থাকি।’

স্ট্র্যান্ড রোডের রশিদ বিল্ডিং মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কদমতলী মোড়। সড়কের বেশির ভাগ অংশ খানাখন্দে ভরা। এই সড়কটি নগরের ডিটি রোডের অংশ। কদমতলী মোড় থেকে নগরের ফিরিঙ্গিবাজার পর্যন্ত সড়কের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এই সড়কটি তুলনামূলক ভালো। ফিরিঙ্গিবাজার থেকে কর্ণফুলী নদীর পাড়ের মেরিনার্স সড়কে একটু পর পরই খানাখন্দ। সেখানে সিটি করপোরেশনের শ্রমিকদের সড়কের সংস্কারকাজ করতে দেখা যায়।

সিটি করপোরেশনের রোলারচালক মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, সড়কটিতে অনেক বড় বড় গর্ত ছিল। এসব গর্ত ভরাট করতে এক ট্রাক ইট লেগেছে। আগেও একবার গর্ত ভরাট করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সড়কে আবার গর্তের সৃষ্টি হয়েছে।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা প্রথম আলোকে বলেন, সড়কে পানি জমে থাকার কারণে গর্ত সৃষ্টি হচ্ছে। গর্তের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে। তাই বারবার ভেঙে যাচ্ছে। তবে সংস্কারও নিয়মিত করা হচ্ছে।

মেরিনার্স সড়কটি নগরের শাহ আমানত সেতু-সংযোগ সড়কে গিয়ে মিশেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে এই সড়কে। পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কের তুলাতলী, বাকলিয়া থানা এলাকা, এক কিলোমিটার, কালামিয়া বাজার, রাত্তার পুল অংশে পিচের কোনো অস্তিত্ব নেই। চট্টগ্রাম নগরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের মধ্যে যোগাযোগের মূল মাধ্যম এই সড়ক। এই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীন।

রিকশাচালক ফজলে আহমেদ বলেন, ‘সড়কের বেহাল অবস্থায় রিকশা চালাতে ইচ্ছে করে না। খুব কষ্ট হয়।’

বর্ষা শেষ হলে এই সড়কের মেরামতের কাজ শুরু হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ।