বৃষ্টিতে ভালুকায় দুই হাজার একর জমির ধান তলিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে বৃষ্টিতে প্রায় দুই হাজার একর জমির বোরো ধানের খেত তলিয়ে গেছে। এতে দেড় লাখ মণ ধান উৎপাদন কম হবে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। ধান তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও কৃষকদের সূত্রে জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টিতে মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী, বগাজান, সোয়াইল ও পানিবান্ধা গ্রামের সাজুকুরী, নূরুঙ্গী, হাতিয়া হেয়ালমারীসহ বিলের পানি উপচে প্রায় দুই হাজার একর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় ১ হাজার ২০০ জন কৃষকের ক্ষতি হয়েছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরারজী দেশাই বর্মণ, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকায় যান। তাঁরা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কৃষকেরা ইউএনওর কাছে জলাবদ্ধতার কারণ তুলে ধরেন।
কয়েকজন কৃষক বলেন, ওই এলাকার ফসলের জমির পানিনিষ্কাশনের একমাত্র পথ বাঁকা নদী। এই নদী দিয়ে পানি খিরু নদে পড়ে। কিন্তু বাঁকা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ধানের খেত তলিয়ে গেছে। এ এলাকার বেশির ভাগ পরিবার কৃষির ওপর নির্ভরশীল। বোরো আবাদ ক্ষতির সম্মুখীন হওয়ায় তাঁরা অনিশ্চয়তায় পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান বলেন, ‘দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে বোরো ধান নষ্ট হয়ে যাবে। তাই দ্রুত এ ব্যবস্থা করছি।’
ইউএনও মোরারজী দেশাই বর্মণ প্রথম আলোকে বলেন, ওই এলাকায় বেশ কিছু ছোট খাল রয়েছে। সেগুলোর নিষ্কাশনব্যবস্থা ভালো না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ধান তলিয়ে গেছে। গতকাল সকালে ওই এলাকা দেখে এসে জরুরি সভা করে কৃষকদের সমস্যা সমাধানের বিষয়ে কথা হয়েছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে মেদুয়ারী ইউনিয়নের ছোট ছোট খালের পানিনিষ্কাশনব্যবস্থা উন্নত করার জন্য বলা হবে।