বৃষ্টিতে ভিজছে জমির দলিলপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পেছনে জরাজীর্ণ একটি দ্বিতল ভবন। ওই ভবনের জানালা-দরজাবিহীন দ্বিতীয় তলার মেঝে ও বারান্দায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কয়েক শ বান্ডেল নথি। সেগুলো বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে। ভবনটির নিচতলায় শাটার লাগানো কয়েকটি কক্ষের পাশে আরও দুটি কক্ষে ঝুলছিল তালা। এ চিত্র বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সাভার ক্ষুদ্র সেচ ইউনিটের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ের।
গত সোমবার বেলা ১১টার দিকে ওই কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। আশপাশের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেও ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তাঁদের কারও মুঠোফোন নম্বরও পাওয়া যায়নি।
বেলা দুইটার দিকে ইউএনও কামরুল হাসান মোল্লার সঙ্গে দেখা করে বিষয়টি জানালে তিনি শহীদুল্লাহ নামের ওই কার্যালয়ের প্রহরীকে ডেকে আনেন। পরে তাঁর (শহীদুল্লাহ) কাছ থেকে ওই কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. শাজাহানের মুঠোফোন নম্বর পাওয়া যায়।
যোগাযোগ করা হলে মো. শাজাহান বলেন, তিনি কেরানীগঞ্জে কর্মরত রয়েছেন। সাভার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী অন্যত্র বদলি হওয়ার পর গত ৪ মার্চ তাঁকে সাভারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ জন্য তাঁর পক্ষে নিয়মিত সাভারে যাওয়া সম্ভব হয় না। তবে প্রহরী শহীদুল্লাহ বাদে হারুন ও আনোয়ার হোসেন নামের দুজন সহকারী মেকানিক রয়েছেন ওই কার্যালয়ে। ওই দুজন সরকারি দায়িত্ব পালনের জন্য প্রায় প্রতিদিনই মাঠে থাকলেও সরকারি সময়সূচি অনুযায়ী শহীদুল্লাহর কর্মস্থলে থাকার কথা।
জানালা-দরজাবিহীন দ্বিতীয় তলার মেঝে ও বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নথিপত্র সম্পর্কে শাজাহান বলেন, নথিগুলো সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের জমির নামজারিসংক্রান্ত। ভূমি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাই অরক্ষিত অবস্থায় এসব নথি সেখানে ফেলে রেখেছেন।
কর্মস্থলে অনুপস্থিত থাকা প্রসঙ্গে প্রহরী শহীদুল্লাহ বলেন, সকাল ১০টার দিকে সহকারী মেকানিক আনোয়ার হোসেন অফিসে হাজিরা দিয়ে আধা ঘণ্টা পর চলে যান। আর কোনো কর্মকর্তা না থাকায় তিনি তালা ঝুলিয়ে আশপাশে ঘোরাফেরা করছিলেন।
আনোয়ার ও হারুন বলেন, গভীর নলকূপের ভাড়া ও বিদ্যুৎ বিল আদায়ের জন্য তাঁদের প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় যেতে হয়। তাঁদের কার্যালয়ে ভূমি কার্যালয়ের নথিপত্র রাখার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, অন্তত পাঁচ বছর ধরে ওই নথি সংরক্ষণ করা হচ্ছে। বৃষ্টির পানিতে তা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।
সাভারের সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী বলেন, জায়গার অভাবে ভূমির নামজারিসংক্রান্ত নথিপত্রগুলো ওই কার্যালয় ভবনের দ্বিতীয় তলার মেঝে ও বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। প্রয়োজন হলে সেখান থেকেই নথি সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরবরাহ করা হয়। নথি অরক্ষিত অবস্থায় ফেলে রাখাটা ঠিক হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী নামজারি হওয়ার পর ১২ বছর পার হয়ে গেলে এ-সংক্রান্ত নথিগুলোর তালিকা তৈরি করে তা ধ্বংস করে ফেলা হয়। কিন্তু সময়ের অভাবে তালিকা তৈরি করতে না পারায় নথিগুলো ধ্বংস করা সম্ভব হয়নি। তবে এসব নথি মাঝেমধ্যে তাঁদের প্রয়োজন হয় বলে স্বীকার করেন তিনি।