বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমের পর বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুজন। গতকাল শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগের রসুলবাগে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া এ দুজন হলেন শিশু রিফাত (৫) ও গৃহবধূ রুমা আক্তার (২৮)।

নিহত রিফাতের মামা দেলোয়ার হোসেন জানান, রসুলবাগের একটি টিনশেড বাড়ির বিভিন্ন ঘরে তাঁর বোন জরিনা বেগমসহ অন্যরা ভাড়া থাকেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জরিনা, তাঁর ছেলে রিফাত, নিশাত নামের এক শিশু ও পাশের ঘরের গৃহিণী রুমাসহ অন্যরা বৃষ্টিতে ভিজতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রুমা ও রিফাতকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দেলোয়ারসহ ওই এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, বিদ্যুৎ সরবরাহের একটি তার ছিঁড়ে টিনের চালা ও উঠানে পড়লে উঠানে জমে থাকা পানি বিদ্যুতায়িত হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন জানান, রিফাত স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা দুলাল মিয়া চা বিক্রেতা। নিহত রুমার স্বামীর নাম শামছুল ইসলাম।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র রসুলবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।