নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যার ৪ থেকে ৯ নম্বর ঘাট পর্যন্ত বিশাল এলাকায় নদীর তীরভূমি দখল করে অবৈধভাবে বিপুল পরিমাণ সারের মজুদ গড়ে তোলা হয়েছে। বছরের পর বছর ধরে বিআইডব্লিউটিএর অনুমতি ছাড়াই নদীর তীরভূমি সারের বস্তা মজুদ রেখে দখল করে রেখেছেন স্থানীয় সার ব্যবসায়ীরা। মজুদ করা সারের মধ্যে মেয়াদোত্তীর্ণ সারও রয়েছে। মেয়াদোত্তীর্ণ সারের বস্তা দীর্ঘদিন খোলা আকাশের নিচে থাকায় বস্তা ছিঁড়ে বৃষ্টিতে ভিজে সার নদীতে গিয়ে পড়ে পরিবেশ দূষণ করছে।অনুসন্ধানে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর তীরে শহরের ৫ নম্বর ঘাট এলাকায় ১৯৮০ সালের পরে বেসরকারি খাতে সার আমদানির অনুমতির পর থেকে সারের পাইকারি ব্যবসাকেন্দ্র গড়ে ওঠে। বিদেশ থেকে আমদানি করা সার ছোট ছোট গদিঘর নিয়ে ব্যবসায়ীরা বিক্রি করতে থাকেন। বিআইডব্লিউটিএ ও রেলওয়ের কাছ থেকে ইজারা নেওয়া জমিতে গুদাম বানিয়ে সেখানে সার রাখা হয়। কিন্তু গুদামে স্থানসংকুলান না হওয়ায় বিপুল পরিমাণ সার নদীর তীরে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। সর্বশেষ ২০০৪ সালের বন্যায় ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সার বিনষ্ট হয়।গতকাল সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, টিএসপি, এমওপিসহ বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ সার নদীর তীরে পড়ে আছে। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ভিআইপি জেটির পাশেই মেয়াদোত্তীর্ণ সারের একটি বড় মজুদ পড়ে আছে। বস্তা ছিঁড়ে সার বেরিয়ে বৃষ্টির পানিতে গলে নদীতে পড়ছে।বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক শীতলক্ষ্যার তীরে কোনো স্থাপনা নির্মাণ ও মালামাল রাখা সম্পূর্ণ বেআইনি। শহরের চারারগোপ খালটি দিয়ে বর্জ্য অপসারণ করা হয়। খালটি পুনরুদ্ধার এবং এই খালসহ নারায়ণগঞ্জ নদীবন্দরের টার্মিনাল ভবনের দক্ষিণ প্রান্ত থেকে চারারগোপ পর্যন্ত নদীর তীর রক্ষার জন্য জলবায়ু ট্রাস্ট তহবিলের আওতায় উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে রয়েছে খালের বর্জ্য অপসারণ, রাস্তা ও ওয়াকওয়ে নির্মাণ। কিন্তু নদীর তীরে রাখা সারের বিপুল মজুদ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অপসারণ না করায় এই প্রকল্পের কাজ সময়মতো করা যাচ্ছে না। চারারগোপ খালটি শীতলক্ষ্যা নদীর একটি সংযোগ খাল, যা নৌযানের নিরাপদ আশ্রয় (Harbour) হিসেবে ব্যবহূত হয়। সার ব্যবসায়ীরা নদীর তীরের ৮০ হাজার বর্গফুট জায়গা অবৈধভাবে দখল করে তাঁদের পণ্য রেখেছেন। এসব পণ্য আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনকে গতকাল সোমবার চিঠি দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নিয়ে সারের বস্তা অপসারণ করে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক আবদুল হাই বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাসায়নিক সার বস্তা ছিঁড়ে নদীতে পড়লে তা পরিবেশের জন্য অবশ্যই ক্ষতিকর। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি হালিশ শিকদার জানান, গুদাম-সংকটের কারণে ব্যসায়ীরা বাধ্য হয়েছেন খোলা আকাশের নিচে সার রাখতে। মৌসুম শুরুর আগেই ব্যবসায়ীরা সার আমদানি করে মজুদ করেন। বেশির ভাগ সারই ব্যবসায়ীরা ত্রিপল দিয়ে ঢেকে নিরাপদে রেখেছেন। সার পানিতে না ভিজলে ১০ বছরেও কিছু হয় না। মেয়াদোত্তীর্ণ সার নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে ফয়সালা না হওয়ায় তা অপসারণ করা যাচ্ছে না।