বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে তিন হাজার টন সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে বাফার গুদামের বাইরে রাখা প্রায় তিন হাজার মেট্রিক টন (৬০ হাজার বস্তা) ইউরিয়া গত মঙ্গলবার রাতে বৃষ্টিতে ভিজে গেছে।বাফার গুদামের নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলায় ইউরিয়া সরবরাহ নিশ্চিত করতে এখানকার দুটি গুদামে সর্বোচ্চ আট হাজার মেট্রিক টন সার মজুদ রাখা যায়। সর্বশেষ গত বুধবার পর্যন্ত (১৪ মার্চ) এখানে সারের মজুদ ছিল মোট ১৫ হাজার ২৭০ মেট্রিক টন। অতিরিক্ত সার গুদামজাত করার পরও ওই দিন পর্যন্ত গুদামের বাইরে প্রায় ৫০ হাজার বস্তা (তিন হাজার মেট্রিক টন) সার রাখা হয়। বাইরে খোলা মাঠে রাখা এসব সারের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। হঠাৎ করে গত মঙ্গলবার রাতে অনেকক্ষণ ধরে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় বাইরে রাখা এসব সার ভিজতে শুরু করে। এ সময় গুদামের শ্রমিকেরা পলিথিন দিয়ে সার ঢেকে রাখার উদ্যোগ নিলেও তা পুরোপুরি কাজে আসেনি।বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নাটোর গুদামের শ্রমিক ঠিকাদার আলফাজুল আলম বলেন, বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস থাকায় সারের বস্তা যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নাটোর-নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম বলেন, ‘সরকার ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম অত্যধিক কমিয়ে দেওয়ায় কৃষকেরা ইউরিয়া কম ব্যবহার করছেন। ডিএপি সারে ৩৬ শতাংশ ইউরিয়া এবং প্রয়োজনীয় পরিমাণ অ্যামোনিয়াম ফসফেট থাকায় তাঁরা সেই সার ব্যবহারেই বেশি আগ্রহী। এতে করে ইউরিয়ার চাহিদা আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। কৃষকদের প্রয়োজনেই ডিলাররা সার বিক্রি করে থাকেন। এর পরও ডিলারদের সার উত্তোলনে সরকারি বাধ্যবাধকতা রয়েছে। কোনো ডিলারই একনাগাড়ে পরপর দুবার তাঁদের নামে বরাদ্দ করা সার উত্তোলন না করলে ডিলারশিপ বাতিল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সারের ডিলার আবদুস সালাম বলেন, ‘কৃষকেরা হঠাৎ করেই ইউরিয়া কম কিনছেন। তাই আমাদের দোকানেও প্রচুর সার মজুদ রয়েছে। এ অবস্থায় বাফার গুদাম থেকে অতিরিক্ত সার ওঠানো সম্ভব হচ্ছে না। নাটোরের বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ডিলাররা সার কম ওঠানোর কারণে গুদামে জায়গা হচ্ছে না। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এখানকার সার অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ভারী বৃষ্টি হলে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।