বৃষ্টিতে ভিজে ভিজে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের চালের টিন ঝড়ে উড়ে গেছে। এর মধ্যেই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ক্লাস চলছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের চালের টিন ঝড়ে উড়ে গেছে। এর মধ্যেই রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ক্লাস চলছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বিদ্যালয়ের ভবনের দেয়াল ও মেঝেতে ফাটলের সৃষ্টি হয়েছে। ঝড়ে চালের প্রায় অর্ধেক অংশের টিন উড়ে গেছে। বৃষ্টি হলে চালের যেসব স্থানে টিন নেই, সেসব স্থান দিয়ে পানি পড়ে। এতে ভিজে যাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকেরা দুর্ভোগ পোহান। এই দুরবস্থা মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড ভবনের।

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা জানান, বিদ্যালয়টি ১৯২৪ সালে স্থাপিত হয়েছে। ১৯৬২ সালে সরকারি উদ্যোগে প্রথম ওই প্রতিষ্ঠানে চার কক্ষের টিনশেডের ভবন নির্মিত হয়। এরপর ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পুরোনো ভবনটির পাশে দুই কক্ষের একটি পাকা ভবন নির্মাণ করে। ওই দুটি কক্ষে প্রাক্‌–প্রাথমিক ও প্রথম শ্রেণির পাঠদান করা হয়। অন্যান্য শ্রেণির পাঠদান হয় পুরোনো ভবনে। ২০১২ সালে ভূমিকম্পে পুরোনো ভবনের দেয়াল ও মেঝেতে ফাটলের সৃষ্টি হয়। গত এপ্রিল মাসে ঝড়ে চালে থাকা ৬০ টিনের মধ্যে ২৭টিই উড়ে গেছে। এখানে ৬ জন শিক্ষক ও ২৪৪ জন শিক্ষার্থী আছে।

৩০ অক্টোবর দুপুরে সরেজমিনে দেখা গেছে, পুরোনো ভবনের তিনটি কক্ষে চালার ফাঁকা অংশ দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এর মধ্যে কক্ষের এক পাশে পাঠদান চলছে। ভূমিকম্পে ভবনটির দেয়ালের বিভিন্ন স্থান এবং মেঝেতে ফাটলের সৃষ্টি হয়েছে। মেঝের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত ৪০ ফুট দীর্ঘ ফাটল হয়ে আছে।

পঞ্চম শ্রেণির ছাত্রী তাসফিয়া বেগম বলে, ‘বেশি বৃষ্টি আইলে দৌড়াইয়া পাকা বিল্ডিংয়ে (নতুন ভবন) গিয়া ঢুকি। কম অইলে এইখানেই (পুরোনো ভবন) ক্লাস অয়। এরপরেও ভিজি যাই।’

সহকারী শিক্ষক আসুক মিয়া বললেন, ‘এইটা (পুরোনো ভবন) একেবারেই ঝুঁকিপূর্ণ। নতুন ভবনে স্থানসংকুলানের ব্যবস্থা না থাকায় ওই ভবনে ক্লাস নিতে হয়। পাশাপাশি অফিশিয়াল কাজকর্ম চলে। বৃষ্টিতে বেশি দুর্গতি হয়।’

প্রধান শিক্ষক প্রভাসিনী মোহন্ত বলেন, কয়েক মাস আগে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিনসহ মৌলভীবাজারের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে একাধিকবার পুরোনো ভবনটি দেখে গেছেন। তাঁরা নতুন আরেকটি ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া নতুন ভবন নির্মাণসহ পুরোনো ভবনটি সংস্কারের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আগস্ট মাসে লিখিত আবেদন করা হয়েছে।

উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা বলেন, সাগরনাল প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টিতে যাতে পাঠদান কার্যক্রম ব্যাহত না হয়, সে জন্য সংস্কারকাজ করাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্প্রতি ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এলজিইডি অফিস থেকে কাজের প্রাক্কলন তৈরি করে, তা অনুমোদনের জন্য মৌলভীবাজারের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। অনুমোদনের পর কাজ শুরু হয়ে যাবে। এ ছাড়া এলজিইডির পক্ষ থেকে কিছুদিন আগে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের ভবনের তালিকা চাওয়া হয়। ওই তালিকায় সাগরনাল বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা বিভিন্ন বিদ্যালয়ের ভবনের তথ্য সংগ্রহ করে তাদের কাছে পাঠিয়েছি। এর ভিত্তিতে সরকার হয়তো নতুন কোনো প্রকল্পের মাধ্যমে অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মাণ করে দিতে পারে।’