বৃষ্টিতে ভিজে শেষ মুহূর্তের কেনাকাটা

দরজায় কড়া নাড়ছে ঈদ। জামা, জুতা কেনা হয়ে গেছে আগেই। তারপরও কিছু কেনাকাটা থেকে যায়। শৌখিন অনেকেই আছেন, যাঁরা ঈদে শুধু নিজেদের সাজপোশাক নয়, সঙ্গে ঘরটাকেও একটু সাজাতে চান। রংচটা পর্দা বদলানো দরকার, বিছানার নতুন চাদর কিংবা সোফার আসন—সবকিছুই নতুন ঝকঝকে হলে ঈদে অতিথিদের আপ্যায়নটাও হয় চমৎকার। এ জন্যই ঈদবাজারে আছে ঘর সাজানোর কেনাকাটাও। তবে গতকাল শেষ মুহূর্তের কেনাকাটায় বাগড়া দিয়েছে বৃষ্টি।
গতকাল বুধবার রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট, মৌচাক সুপার মার্কেট, বসুন্ধরা সিটি, রাজধানী সুপার মার্কেটসহ বেশ কিছু মার্কেটে ছিল গৃহকর্ত্রীদের ভিড়। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্দা কিংবা তৈজসপত্রের দোকানে নারীদের এই ভিড় বৃষ্টির কারণে তুলনামূলকভাবে কম হলেও বিকেলের পর উল্লেখ করার মতো বিক্রি হয়েছে।
দুপুরে ছাতা মাথায় এলিফ্যান্ট রোডের পর্দার দোকানে পর্দার কাপড় দেখতে আসা গ্রিন রোডের সিনথিয়া তানভীর বলেন, ‘ঈদের সময় বাসায় অনেক অতিথি আসবেন, তাই ঘরের শোভা যদি মন্দ হয়, তাহলে নিজের কাছেই ভালো লাগে না। এ জন্য পর্দার কাপড় কিনে আজই বানাতে দিতে হবে, নইলে ঈদের আগে পাওয়া মুশকিল হয়ে পড়বে। তাই বৃষ্টি মাথায় নিয়েই চলে এসেছি।’
স্থপতি শাকুর মজিদ বলেন, ঘরবাড়ি নিয়েও আজকের আধুনিক মানুষ অনেক সচেতনতার পরিচয় দেন। কেননা, এতে ব্যক্তির রুচি ও ব্যক্তিত্বের মাপকাঠি—দুটোই ফুটে ওঠে। তাই ঈদের দিনে সবকিছুতেই নতুনত্বের ধারাবাহিকতায় ঘরটাকেও একটা নতুন রূপ দেওয়ার প্রয়াস চলে। ঘর সাজানোর বিষয়ে তিনি বলেন, কম খরচে স্বল্প সময়ে বসার ঘরের শোভা বাড়াতে হলে গাছের কোনো বিকল্প নেই। এ ছাড়া ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে মাটির তৈরি বিভিন্ন শোপিসসহ বাঁশের ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজানো যেতে পারে। কুটিরশিল্পের উপাদান চট, শতরঞ্জি দিয়েও ঘর সাজানো যায় খুব কম খরচে।
টেরাকোটাসহ মাটির তৈরি ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী (শোপিস) বিক্রি হচ্ছে আজিজ সুপার মার্কেট, কার্জন হলের মোড়, মিরপুর ১০ নম্বর, বনানী সুপার মার্কেটসহ নানা বিপণিবিতানে। এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল মোড়, নিউমার্কেটের পেছনের মার্কেটে বিক্রি হচ্ছে কাপ-পিরিচ সেট, স্যুপের বাটি সেট, গ্লাস ও জগ, ডিনার সেটসহ বিভিন্ন তৈজসপত্র। অনেক ঘোরাঘুরির পরে দামদর করে এখান থেকেও তৈজসপত্র কিনছেন অনেকে।
কাঁটাবন, চন্দ্রিমা সুপার মার্কেট থেকে শুরু করে গাউছিয়ার সামনে বেশ কিছু ছবি বাঁধাইয়ের দোকানেও ভিড় চোখে পড়েছে। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগই প্রাকৃতিক দৃশ্য কিংবা ফুল বা কোনো সুন্দর পোস্টার বাঁধাইয়ের কাজ। কাঁটাবনের একটি ছবি বাঁধাইয়ের দোকানের সামনে এলিফ্যান্ট রোডের ফাতেমা জোহরা বলেন, ‘রোজার ছুটিতে বসার ঘরটাকে গোছাচ্ছি। ঈদ উপলক্ষে দেয়ালে বেশ লম্বা একটা ছবিও টাঙাতে চাই। তাই বাঁধাই করতে দিলাম।’
শিশু একাডেমীর সামনের ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে টবসহ ফুলগাছ, ঘর সাজানোর মাটির তৈরি বিভিন্ন সামগ্রীসহ নানা জিনিস পাওয়া যায়। বিক্রেতারা জানান, সকাল থেকে সন্ধ্যার পরও ক্রেতারা আসছেন। গতকাল বৃষ্টির মধ্যে সেখানে গিয়েছিলেন বেগমবাজারের নাসরিন এনায়েত। তিনি বললেন, ‘ঈদের প্রয়োজনীয় অন্য কেনাকাটা শেষ। হাতে সময় আছে। তাই ঘর সাজানোর জন্য শোপিস কিনতে এসেছি।’ বাসাবো থেকে জোহরা লিমা এসেছেন ফুলগাছ কিনতে। তিনি বলেন, ‘ঈদের সময় বাসায় অতিথিরা আসবেন। ফুলগাছ দিয়ে ঘর সাজালে সুন্দর লাগে। আমি প্রতিবছর ঈদের আগে এখানে কেনাকাটা করতে আসি।’
শাহবাগ মোড়ে ফুলের দোকানে দেখা গেছে তরুণ-তরুণীদের আগ্রহ নিয়ে ফুল কিনতে। তবে বৃষ্টির কারণে সেখানে তেমন ভিড় দেখা যায়নি।