বৃষ্টিতে ভোগান্তি, ৩ নম্বর সংকেত

লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে আজ শনিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। এই বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে আজ বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টি শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ বিজন রায় বলেন, একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও অনুরূপ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি মাত্রার কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা হ্রাস পেয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভ্যাপসা গরম কমেছে। তবে বেড়েছে দুর্ভোগ। শিক্ষার্থী ও অফিসগামী লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাঘাটে যানবাহন সংখ্যাও তুলনামূলক কম।
নগরের কাজীর দেউড়ি থেকে ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রতিদিন কাজ করতে যান শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে আজ সিএনজি (অটোরিকশা) পাচ্ছিলাম না। ভাড়াও চাচ্ছিল বেশি। শেষে প্রায় ১০০ টাকা বাড়তি অর্থাৎ ২৮০ টাকা ভাড়ায় একটি সিএনজিতে উঠি।’

এদিকে, হঠাৎ বৃষ্টিতে চট্টগ্রামে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জেও ব্যবসা-বাণিজ্য তুলনামূলক কম হয়েছে বলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে। ক্রেতার উপস্থিতি কম ছিল।
চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, হঠাৎ বৃষ্টিতে মার্কেটে ক্রেতা কম। এ ছাড়া আজ ব্যাংক বন্ধ। বৃষ্টির কারণে মানুষজনও কম বের হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কম থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।
সাগর উত্তাল ও টানা বৃষ্টির কারণে বন্দরে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর কাজ ব্যাহত হচ্ছে। এর মধ্যে ভোগ্য পণ্য, সিমেন্ট ক্লিংকার, সার ইত্যাদি পণ্য খালাস কাজ বন্ধ রয়েছে। তবে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো নামানো অব্যাহত রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।