বৃষ্টিতে ভোটার কম, বন্দরেই ভাগ্য নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে প্রথম ঘণ্টায় ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। ছবি: সাহাদাত পারভেজ
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে প্রথম ঘণ্টায় ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। ছবি: সাহাদাত পারভেজ

শহর ও বন্দর নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন গঠিত। কিন্তু এই আসনের উপনির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন বন্দরের ভোটাররা।

বন্দরবাসীর ভোট যাঁর দিকে বেশি পড়বে, এই আসনে তাঁরই সাংসদ নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট নেওয়া চলবে। সকাল থেকে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম।

নারায়ণগঞ্জ-৫ আসনের মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন। এর মধ্যে কেবল বন্দরের ভোটার দুই লাখ ১০ হাজার ৯৬ জন। শহরের ভোটার এক লাখ ৪১ হাজার ৩০৯ জন। এতে বন্দরের ভোটেই নির্ধারিত হবে প্রার্থীর ভাগ্য।

সকাল আটটা থেকে বন্দরের ৮৯টি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়েছে। ভোট চলছে শহরের ৫২টি কেন্দ্রেও।

ভোটার কম: সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি খুব কম। মাত্র ১০ থেকে ১২ জন ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। একই অবস্থা শহর ও বন্দরের অন্যান্য কেন্দ্রেও।

নারায়ণগঞ্জের বন্দর কলোনির সিকদার আব্দুল মালেক উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ২৫০ জন। কিন্তু প্রথম দুই ঘণ্টায় মাত্র ৪০টি ভোট পড়েছে। ভোটার কম কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে লোকজন বের হচ্ছে না। বৃষ্টি কমলে আসবে।’

দাসেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাজী কাওছার আহমদ জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৯৯৫ জন। প্রথম তিন ঘণ্টায় ৩৯০টি ভোট পড়েছে।

নারায়ণগঞ্জের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম।

ভোটার উপস্থিত কম সম্পর্কে জানতে চাইলে বেলা সোয়া ১২টার দিকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেলিম ওসমান বলেন, ‘সকাল বেলা বৃষ্টি ছিল। গ্যাস ছিল না। আর রিকশা ভাড়া বেশি ছিল। তাই ভোটার উপস্থিত কম ছিল। এখন বৃষ্টি কমে গেছে, গ্যাস ঠিক হয়ে গেছে, রিকশা ভাড়া কমেছে। তাই ভোটার বাড়ছে। আশা করি, ভোট সুষ্ঠু হবে।’

বন্দরেই ভাগ্যনির্ধারণ: নারায়ণগঞ্জের বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, এখানকার সাংসদ কে হচ্ছেন—তা নির্ধারিত হবে মূলত বন্দর এলাকার ভোটে।

শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে সিটি করপোরেশনের নয়টি ওয়ার্ড ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত বন্দরের ভোটার দুই লাখ ১০ হাজার ৯৬ জন।

শহরের থেকে বন্দরের ভোটার সংখ্যা দ্বিগুণ হওয়ায় বন্দরকে নারায়ণগঞ্জ-৫ আসনের ভোট ব্যাংক বলা হয়ে থাকে। 

তবে বন্দরবাসীর ভোটে সাংসদ নির্বাচিত হলেও এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। এখানকার রাস্তাঘাটগুলোর বেহাল দশা। আর এখানকার অধিবাসীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী শীতলক্ষ্যা সেতুটি না হওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই।

প্রয়াত সাংসদ নাসিম ওসমান ২০০৮ সালের নির্বাচনের আগে এই সেতুটি করার প্রতিশ্রুতি দিলেও তা করেননি। ফলে মানুষ ক্ষুব্ধ। এবার একই প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেলিম ওসমান।

তবে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম দাবি করেছেন, তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সাংসদ থাকাকালে এখানকার অনেক উন্নয়ন করেছেন। এরপর তেমন উন্নয়ন হয়নি। মানুষ এবারও তাঁকেই ভোট দেবেন এবং তিনি এখানকার মানুষের জন্য কাজ করবেন।

স্থানীয় ভোটাররা বলছেন, ভোট যত কম পড়বে, সেলিম ওসমানের জয়ের সম্ভাবনা তত বেশি। ভোটারের উপস্থিতি যত বেশি হবে, স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের জয়ের সম্ভাবনা তত বাড়বে।

বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রার্থীই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ করেননি।

তবে এস এম আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান অভিযোগ করেছেন, ছয়টি কেন্দ্র থেকে তাঁদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ দাবি করেন, বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ পেয়ে তাত্ক্ষণিকভাবে খোঁজ নিয়েছেন তিনি। তবে অভিযোগগুলোর সত্যতা মেলেনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে।