বৃষ্টিতে মংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ
নিম্নচাপের কারণে দুই দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষি বিভাগের হিসেবে গতকাল বেলা তিনটা থেকে ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টির প্রভাবে বন্ধ রয়েছে মংলা বন্দরে পণ্য ওঠানামার কাজও।
বৃষ্টির পানিতে বাগেরহাট শহরের রাহাতে মোড়, লোকাল বোর্ডঘাট, মেইনরোড, বাসাবাটি, রেলরোড, আলীয়া মাদ্রাসারোড, খারদ্বার, মিঠাপুকুরপাড়, সাহাপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে রয়েছে। পাশাপাশি নয়টি উপজেলার নিচু এলাকাও বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার মো. ওয়ালিউল্লাহ বলেন, বন্দরে তিন নম্বর সংকেত চলছে। বন্দরে বর্তমানে সার, চাল, কন্টেইনার, এলপিজি গ্যাসসহ মোট ১০টি জাহাজ অবস্থান করছে। বৃষ্টির মধ্যে এসব জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবতাব উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে নষ্ট হওয়ার মত কোন ফসল এখন মাঠে নেই। বরং এই বৃষ্টিতে রোপা আমনের মাঠের উপকার হচ্ছে।