বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগ
নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোনো কোনো সড়ক দুই থেকে আড়াই ফুট পানিতে তলিয়ে যায়। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সাপ্তাহিক ছুটির দিনেও নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ বাইরে বের হয়েছে কম। তবে কেনাকাটা করতে এবং বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। জলাবদ্ধতার কারণে বিকেল পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ঢাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত বৃষ্টি হয় ৫০ মিলিমিটার। বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম ছিল। এ সময় অনেক সড়ক থেকে পানি নেমে গেলেও আবার টানা ভারী বর্ষণে অনেক স্থান আবার তলিয়ে যায়।মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলার মোড়, মৎস্য ভবন, মৌচাক, মালিবাগ, বনশ্রী, গোপীবাগ, মানিকনগর, মুগদা, কমলাপুর, চামেলীবাগ, রাজারবাগ, মান্ডা, গোড়ান, খিলগাঁও, সেগুনবাগিচা, জিগাতলা, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সড়কে ছিল পানি। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সকালে প্রায় আড়াই ফুট পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে রোকেয়া সরণিতে দীর্ঘ যানজট হওয়ায় মানুষের ভোগান্তি আরও বাড়ে। গোপীবাগসহ রাজধানীর অনেক নিচু এলাকায় জমে থাকা পানি বিকেল চারটায়ও নামেনি।পুরান ঢাকার হোসেনি দালান, খাজে দেওয়ান প্রথম লেন, আজিমপুর কলোনির তিনটি সড়ক, আবুল হাসনাত রোড, যোগীনগর লেন, কাপ্তানবাজার সড়ক, তাঁতীবাজারের চার রাস্তার মোড়, নয়াবাজার, ফ্রেঞ্চ রোড এবং বেশির ভাগ নিচু সড়কে রাতেও পানি জমে ছিল। কামরাঙ্গীরচরের অধিকাংশ সড়ক ছিল পানির নিচে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা ঢাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে জানান, জলাবদ্ধতা কমানোর দায়িত্ব ওয়াসার। তার পরও ডিসিসি সহযোগিতা করে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে জানান, ওয়াসার নিষ্কাশন নালা ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টি ধারণক্ষমতার। এর বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। তিনি বলেন, পানি দ্রুত নিষ্কাশনের জন্য কল্যাণপুরে চারটি এবং মানিকনগরের কাছে জনপথে ১৯টি পাম্প চালু করা হয়। ছুটির দিন হলেও পানিনিষ্কাশন কাজে সহায়তার জন্য ওয়াসার প্রায় দেড় শ লোক মাঠে নামেন।তাকসিম এ খান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গতকাল জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। এর কারণ সেখানে পানি নামার নালা বা স্টর্ম স্যুয়ার পাইপ বসানো হয়েছিল। ওই পথে পানি কল্যাণপুর খালে চলে যায়। পর্যায়ক্রমে সব এলাকায় এ ব্যবস্থা করা হবে।খোঁজ নিয়ে জানা যায়, কল্যাণপুর ও জনপথ এলাকায় পানির নিষ্কাশন পাম্প চলার সময় কয়েক দফা বিদ্যুৎ চলে যায়। পরে ওয়াসার পক্ষ থেকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে (ডিপিডিসি) অনুরোধ করে বিদ্যুৎ পরিস্থিতি ঠিক করা হয়। নগরের অনেক স্থানের ড্রেনেজ লাইনের পাইপ কিছু চওড়া করা হলেও এক যুগে ওয়াসা নতুন লাইন বাড়াতে পারেনি। মিরপুরের ৯০ শতাংশ এলাকায় ওয়াসার ড্রেনেজ লাইনই তৈরি হয়নি।