বৃষ্টিতে রাজশাহীর ৭০০ হেক্টর জমির সবজি নষ্ট
রাজশাহী জেলায় বৃষ্টিতে ৭০০ হেক্টর জমির সবজিখেত ডুবে গেছে। নষ্ট হয়ে গেছে খেতের সব সবজি। ফলে বাজারে সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ৮ হাজার ৭৭০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এর মধ্যে ৭০০ হেক্টর সবজিখেত সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টিতে আরও অনেক সবজিখেতের ক্ষতি হয়েছে। এতে করে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। এ জন্য সবজির দামও বেড়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় বৃষ্টির আগে কেজিপ্রতি মরিচের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। এখন সেই মরিচ ১০০ টাকা কেজি। ১৪-১৫ টাকা কেজির পটোল ৩৫-৩৬ টাকা, ২৫ টাকা কেজির করলা ৪৮ টাকা, ১২ টাকা কেজির ঝিঙা ৩২ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ টাকার একটা চালকুমড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।
জেলার মোহনপুর উপজেলায় সবজির ব্যাপক চাষ হয়। উপজেলার লওপাড়া গ্রামের নান্টু সরদার ১০ কাঠা জমিতে মরিচ, ১০ কাঠায় পটোল ও ৬ কাঠায় ঝিঙা চাষ করেছিলেন। তিনি বলেন, এই বৃষ্টির আগে প্রতি সপ্তাহে তাঁর জমি থেকে দুই-আড়াই মণ মরিচ, পাঁচ-ছয় মণ পটোল ও দুই মণ ঝিঙা উঠত। বৃষ্টিতে সব মরিচগাছ মরে গেছে। ঝিঙা ও পটোলের গাছও নষ্ট হয়ে গেছে। গতকাল সোমবার তাঁর খেতে গিয়ে দেখা যায়, জমির পানি অনেকটা নেমে গেলেও সব মরিচগাছ মরে গেছে। কোনো গাছের একটি পাতার রংও সবুজ নেই। নান্টু সরকার বলেন, বৃষ্টি তাঁর সর্বনাশ করে গেছে। যখন তাঁর জমিতে মরিচ উঠতে শুরু করেছিল, তখন তাঁরা পাইকারি ১৫০ থেকে ২০০ টাকা মণ দরে বিক্রি করেছেন। এখন সেই মরিচ পাইকারি এক হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।
উপজেলার নাকইল গ্রামের রইস উদ্দিনেরও একই অবস্থা হয়েছে। তিনি পটোল, লাউ ও শিমের চাষ করেছিলেন। গতকাল গিয়ে দেখা যায়, তিনি লাউয়ের মাচা ভেঙে ধানের জন্য জমি তৈরি করছেন। তিনি বলেন, শিমের খেত পানিতে তলিয়ে না গেলেও বৃষ্টিতে শিমের সব ফুল নষ্ট হয়ে গেছে।
পবা উপজেলার তালগাছি গ্রামের সম্রাট আলী মরিচ ও আগাম মুলা চাষ করেছিলেন। তাঁর মরিচের জমিতে এক হাঁটু পানি জমে রয়েছে। সব গাছ মরে গেছে। আর মুলার খেত সম্পূর্ণ পানির নিচে। সম্রাট আলী বলেন, কিছু টাকার মরিচ বিক্রি করলেও এক টাকার মুলাও বিক্রি করতে পারেননি।
পবা উপজেলার বড়গাছি গ্রামের আব্দুল মান্নান এবার চার বিঘা জমিতে আগাম কপি চাষ করেছিলেন। বৃষ্টিতে তিন বিঘার কপি একেবারেই শেষ হয়ে গেছে। এক বিঘা জমির কপি পানিতে না ডুবলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্নান বলেন, এ জমির কপিও তিনি ঠিকমতো পাবেন না। অতিবৃষ্টির কারণে ইতিমধ্যে প্রচুর পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে।
জেলার অন্যান্য উপজেলায়ও বৃষ্টিতে সবজির কম-বেশি ক্ষতি হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আহাম্মেদ শফী বলেন, বছরের এই সময়টাতে এমনিতেই সবজির সরবরাহ কম থাকে। উপরন্তু, বৃষ্টির পানিতে সবজিখেতের ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এ জন্য দাম বেড়েছে।