বৃষ্টিতে রায়গঞ্জে জনজীবন বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টা থেকেই শুরু হয় বৃষ্টি। কখনো হালকা, কখনো মুষলধারে চলতে থাকে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শ্রমজীবী, দিনমজুর ও ঈদে কেনাকাটা করতে বের হওয়া মানুষ।

উপজেলার ধানগড়া বাজারে কথা হয় কাঠমিস্ত্রি উজ্জ্বল হোসেন ও রুবেল হোসেনের সঙ্গে। তাঁরা বলেন, ভোরে বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি ঘরে আটকে আছেন। বৃষ্টির কারণে আজ আর কাজে যাওয়া হবে না। দিন হাজিরা হিসেবে তাঁরা ৪০০ টাকা করে পান বলে জানান। তাঁরা বলেন, ঈদের আগে এভাবে বসে থাকা মানেই ক্ষতি। রিকশাচালক পরেশ চন্দ্র বলেন, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে লোকজন ঘরের বাইরে আসে না, তাই বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। বৃষ্টির কারণে উপজেলার অনেক এলাকায় পত্রিকা বিলি করতে পারেননি হকাররা। পত্রিকার তিনজন পাঠক মুঠোফোনে বলেন, সকালে পত্রিকা না পড়লে ভালো লাগে না। হকার সামিদুল ইসলাম বেলা আড়াইটার দিকে বলেন, ‘ভোরে পত্রিকা নিয়ে বের হয়েও বৃষ্টির কারণে বিলি করতে পারিনি।’

স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, ‘শুক্রবারে কেনাকাটা করব বলে এত দিন অপেক্ষা করছিলাম। কিন্তু কেনাকাটা করতে বের হয়েই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হলো।’ একই ধরনের কথা বলেন আরও পাঁচজন। বৃষ্টিতে বিক্রি কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করে ধানগড়া বাজারের তিনজন ব্যবসায়ী বলেন, প্রতি শুক্রবারে ভালো বিক্রির সম্ভাবনা থাকে, অথচ আজ বৃষ্টিতে সবকিছু ভেসে গেল। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে বিক্রি আরও কমে যেতে পারে বলে তাঁরা জানান।