বৃষ্টিতে রোজার পণ্য খালাস ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে রোজার পণ্য খালাসে ব্যাঘাত হচ্ছে। গত মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হওয়ার পর পাঁচটি জাহাজ থেকে এক টন পণ্যও খালাস হয়নি। ফলে এসব পণ্য বাজারজাত করতে দেরি হতে পারে।
বন্দর সূত্রে জানা গেছে, যেসব জাহাজ জেটিতে ভিড়তে পারে না সেগুলো থেকে বহির্নোঙরে যন্ত্রের সাহায্যে পণ্য খালাস করে লাইটার জাহাজে বোঝাই করা হয়। এরপর নদীপথে কর্ণফুলীর বেসরকারি ঘাটে এবং দেশের নানা স্থানে পণ্য পরিবহন করা হয়।
বন্দরের হিসাবে দেখা গেছে, রোজার পণ্য নিয়ে এখন নিয়মিতই জাহাজ ভিড়ছে বন্দরের বহির্নোঙরে। গত বৃহস্পতিবার পর্যন্ত বহির্নোঙরে অবস্থানরত ছয়টি জাহাজ থেকে এ পর্যন্ত খালাস হয়েছে এক লাখ ৩৫ হাজার টন। খালাসের অপেক্ষায় এই ছয়টি জাহাজে এখনো আছে এক লাখ ২০ হাজার টন পণ্য। গত মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হওয়ার পর এসব জাহাজ থেকে পণ্য খালাস কমে আসে। বুধবার পাঁচটি জাহাজ থেকে কোনো পণ্যই খালাস হয়নি। শুধু এমভি ওশেন রিফ জাহাজ থেকে মাত্র ৫০০ টন অপরিশোধিত চিনি খালাস হয়। সাধারণত প্রতিটি জাহাজ থেকে দিনে গড়ে চার থেকে ছয় হাজার টন পণ্য খালাস হয়।
পণ্য খালাস ব্যাঘাত হওয়া এসব জাহাজে অপরিশোধিত চিনি, অপরিশোধিত সয়াবিন, মটর ডাল ও গম রয়েছে। ১১ থেকে ২২ জুন পালাক্রমে এসব জাহাজ বহির্নোঙরে ভিড়ে। এসব জাহাজে আমদানি পণ্য সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ এবং রুবি ফুড প্রডাক্টসের।
এই ছয়টি জাহাজ ছাড়াও গতকাল শনিবার পর্যন্ত নতুন করে ভিড়েছে আরও চারটি জাহাজ। এই চার জাহাজে এক লাখ ৭৬ হাজার টন রোজার পণ্য আছে। এসব জাহাজের পণ্য আমদানিকারকেরা দালিলিক প্রক্রিয়া শেষ করে এখন পণ্য খালাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, বৃষ্টি এবং বাতাসের কারণে সাগর প্রচণ্ড উত্তাল। এ কারণে বড় জাহাজগুলোর কাছে ছোট আকারের জাহাজ ভিড়তে পারছে না। গত মঙ্গলবার থেকে পণ্য খালাসেও ব্যাঘাত হচ্ছে।
প্রসঙ্গত, বহির্নোঙর ছাড়া জেটি ও মুরিংয়ে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাসে খুব বেশি ব্যাঘাত হচ্ছে না।