বৃষ্টিতে শহর-খেত প্লাবিত, ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণে শেরপুরের ঝিনাইগাতীতে বাঁধ ভেঙে ধানশাইল ও গৌরীপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত এবং নালিতাবাড়ীতে শুকাতে দেওয়া মরিচ ভেসে গেছে। বৃষ্টির পানিতে কিশোরগঞ্জ শহর জলাবদ্ধ হয়ে পড়ে এবং জামালপুরের সরিষাবাড়ীতে ১০টি ভাটার কাঁচা ইটের ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল বুধবারসহ দুই দিন ধরে বর্ষণের কারণে বালিজুড়ি এলাকায় সোমেশ্বরী নদীর বাঁধের কিছু অংশ ভেঙে গেছে। এ কারণে ধানশাইল ইউনিয়নের ধানশাইল, বাগেরভিটা, উত্তর ও দক্ষিণ দাড়িয়ারপাড় এবং গৌরীপুর ইউনিয়নের বনগাঁও ও চতল গ্রামের শতাধিক একর বোরো ধানের জমিতে পানি ঢুকেছে। এতে উঠতি বোরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী গতকাল বলেন, অতিবর্ষণে বোরো খেতগুলোয় পানি জমেছে। এখনো তেমন ক্ষতি হয়নি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

নালিতাবাড়ী উপজেলার জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্র জানায়, ভোগাই নদের ভাটি অঞ্চলের কোন্নগড়, দক্ষিণ কোন্নগড়, রাজাখাল, বন্দেরবাড়ী এলাকার ৩০ থেকে ৩৫ জন কৃষক প্রায় ২০০ মণ মরিচ শুকাতে দেন। গতকাল ভোরে ভারী বর্ষণের কারণে নদীতে রাবার বাঁধে মজুত করা পানি বেড়ে যায়। পরে বৃষ্টির পানি ও বাঁধ উপচে যাওয়া পানিতে ভাটিতে স্রোত তৈরি হয়। এতে শুকাতে দেওয়া মরিচ ভেসে গেছে।

মরিচপুরান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল ভোররাতে প্রচুর বৃষ্টির কারণে রাবার বাঁধ উপচে পানির স্রোতে আমার ২০ মণসহ এলাকার কৃষকদের প্রায় ২০০ মণ মরিচ ভেসে গেছে।’

এদিকে গত দুই দিনে সরিষাবাড়ী উপজেলা ও পৌর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ভারী বৃষ্টিতে ১০টি ভাটার কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়ায় কাঁচা ইট ভেঙে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। এ কারণে অনেক স্থানে ভবন তৈরির কাজ বন্ধ রয়েছে।

ভাটাগুলো হলো আওনার জগন্নাথগঞ্জ ঘাটের জে এ এন ব্রিকস, আম্মা ব্রিকস, পোগলদিঘার বয়ড়া এলাকার আসিফ ব্রিকস, তারা ব্রিকস, ফরিদ ব্রিকস, ডোয়াইলের রতন ব্রিকস, রায়দেবপাড়ার এসআর ব্রিকস, মহাদানের সুবর্ণা ব্রিকস, সানাকৈরের ফাইভ স্টার ব্রিকস ও পৌরসভার ঝালোপাড়ার কবীর ব্রিকস।

আসিফ ব্রিকসের মালিক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির বলেন, বাতাস ও বৃষ্টিতে তাঁর ২ লাখ কাঁচা ইটের ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পেরে কাচারীবাজার, বড় বাজার, পুরান থানা বাজার জলাবদ্ধ হয়ে পড়ে। এ ছাড়া শহরের আলোর মেলা এলাকা, নগুয়া, বত্রিশ, হয়বতনগর, পুরাতন কোর্ট এলাকা, হারুয়া, গাইটাল, নিউটাউন, উকিলপাড়া, নীলগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকার সড়কগুলোর খানাখন্দে পানি জমে। কিছু জায়গায় নালার নোংরা ও ময়লা পানি সড়কে এসে পড়ে।

আলোর মেলা এলাকার বাসিন্দা মো. বাবলু আহমেদ বলেন, মাত্র ১৫-২০ মিনিটের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনা ও সঠিক নালা ব্যবস্থাপনা না থাকায় এই অবস্থা হয়েছে।

এ ব্যাপারে পৌরসভার মেয়র মো. মাহমুদ পারভেজ বলেন, শহরের বিভিন্ন এলাকায় নালা সংস্কার অব্যাহত রয়েছে। যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান করা হবে।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন শেরপুর, নালিতাবাড়ী, কিশোরগঞ্জ ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি}