বৃষ্টিতে সবজিখেতের ক্ষতি বাজারে দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে বগুড়ার কয়েকটি উপজেলায় সবজিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। বগুড়ার শিবগঞ্জ, সোনাতলা, গাবতলী, সারিয়াকান্দি, শাজাহানপুর, শেরপুর, ধুনট ও বগুড়া সদর উপজেলায় সবজি চাষ বেশি হয়ে থাকে। এসব এলাকার পটোল, করলা, শশা, কাঁকরোল, ঝিঙা, পেঁপে, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। এসব সবজি এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।বগুড়ার মহাস্থানগড়, মোকামতলা, শেরপুরসহ বেশ কয়েকটি স্থানে বসে সবজির বিশাল বাজার। কিন্তু টানা বর্ষণে সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজি আসছে কম। চাষিরা বলছেন, টানা বৃষ্টির কারণে জমিতে পানি আটকে আছে। ইতিমধ্যে অনেক সবজিগাছ মরে গেছে, এখনো মরছে।গত বুধবার মহাস্থান হাটে গিয়ে দেখা গেছে, হাটে সবজি তেমন নেই বললেই চলে। পটোল ২২ টাকা, বেগুন ২২ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। বগুড়ার বিভিন্ন বাজারে এই সবজি এর চেয়ে আরও আট-দশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। হাটে সবজি বিক্রি করতে আসা চাষিদের চেয়ে পাইকারই বেশি। বগুড়ার নামাজগড়ের সবজি ব্যবসায়ী আবদুল জলিল বলেন, বেশি দাম হলেও সবজি কিনতে হবে। কারণ, বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। হাটে সবজি আসামাত্রই তা কিনতে হামলে পড়ছেন পাইকারেরা।শিবগঞ্জের রায়নগর, মহাস্থান, মোকামতলা, গাবতলীর জাইগুলি, চকমাল্লা, শাজাহানপুরের মাদলা, গোহাইল, খরনা এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন খেতের করলা ও পটোলগাছ মরে গেছে। গাবতলীর চকমাল্লা গ্রামের চাষি মাসুদ মোল্লা বলেন, ‘এক বিঘা জমিতে পটোলের চাষ করেছিলাম। বৃষ্টিতে সব গাছ মরে গেছে।’ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রানীনগর গ্রামের সবজিচাষি আফসার আলী বলেন, ১৫ দিন আগেও দুই থেকে আড়াই মণ করলা উঠিয়েছি। গত কয়েক দিনের টানা বর্ষণে পানি জমে অধিকাংশ খেতের বেশির ভাগ সবজিগাছ মরে গেছে। উপজেলার গাড়িদহ, খামারকান্দি ও সীমাবাড়ী ইউনিয়নের প্রায় সব এলাকার বেশির ভাগ সবজিখেতেই পানি জমে গেছে। সবজিচাষি গোলাম হোসেন, মতিউর রহমান, নূরুল ইসলাম জানান, গাড়িদহ ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের কৃষকের প্রধান ফসল নানা জাতের সবজি। এর মধ্যে রানীনগর, দামুয়া, ফুলবাড়ী, চকপাথালিয়া, কালসিমাটি, গাড়িদহ, রামেশ্বরপুর, শিবপুর, দড়িপাড়া, বাংড়া, বোংগা, চণ্ডিযান, জয়নগর, মহিপুর, রামনগর, কানুপুর উল্লেখযোগ্য। এসব গ্রামের প্রায় সব সবজিখেতেই বৃষ্টির পানি জমে আছে। নিচু এলাকার অধিকাংশ সবজিগাছে পচন ধরেছে। এমনকি অনেক সবজিগাছ ইতিমধ্যেই পচে গেছে।এদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় কৃষি বিভাগ এখনো ক্ষয়ক্ষতির হিসাব করতে পারেনি। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক একরাম হোসেন জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে সবজিখেতের ক্ষতি হয়েছে। মাঠপর্যায় থেকে এখনো ক্ষতির পরিমাণ জানা যায়নি।