বৃষ্টিতে সেদ্ধ ধান নিয়ে বিপাকে চালকল মালিকেরা
‘ধান সিদ্ধ করে চরম বিপদে পড়িছি। এহন শুকাবের পারতেছিনে। বৃষ্টি না থামলি মেলা টেকা গচ্ছা জাবিনি’—কথাগুলো বলছিলেন পাবনা বিসিক শিল্পনগরের চালকলের মালিক মনোয়ার হোসেন।তিন দিনের টানা বৃষ্টিতে পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার ৭৫০টি চালকলে প্রায় ২৫ হাজার টন সেদ্ধ ধান নিয়ে বিপাকে পড়েছেন চালকলের মালিকেরা। রোদ না থাকায় ধান শুকানো সম্ভব হচ্ছে না। ফলে চালকলে থাকা সেদ্ধ ধানে পচন দেখা দিয়েছে। অন্যদিকে চালকলে কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার চাতাল শ্রমিক।একাধিক চালকলের মালিক জানান, তিন দিন আগে ধান সেদ্ধ করে চাতালে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। রোদ না থাকায় তা শুকানো যাচ্ছে না। সেদ্ধ ধান ভেজা ও ঢাকা থাকায় এতে পচন দেখা দিয়েছে। বৃষ্টি থামার পর এই ধান শুকিয়ে চাল তৈরি করা হলে সেই চালে পচা গন্ধ থাকবে। ফলে এর সঠিক বাজারমূল্য পাওয়া যাবে না। জেলা চালকল মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, সমিতির আওতাধীন ৭৫০টি চালকলে পুরোদমে ধান সেদ্ধ ও শুকানোর কাজ চলছিল। ফলে অধিকাংশ কলমালিকই সেদ্ধ ধান নিয়ে বিপাকে পড়েছেন। সব মিলিয়ে প্রায় ২৫ হাজার টন সেদ্ধ ধান নষ্ট হবে বলে আশঙ্কা করা হচ্ছে।বিসিক শিল্পনগরীর চাতাল শ্রমিক মজনু মিয়া জানান, তাঁরা ৩৫ জন চাতালে ধান সেদ্ধ, শুকানো ও মাড়াইয়ের কাজ করেন। কিন্তু গত কয়েক দিন চালকলে কোনো কাজ না থাকায় তাঁরা কোনো টাকা পাচ্ছেন না।জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুর রকিব বলেন, ‘বৃষ্টির কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। তবে তা ক্ষণস্থায়ী। বৃষ্টি থামলেই সমস্যা কেটে যাবে।