বৃষ্টিতে সড়কে গর্ত, ঈদের আগেই ভোগান্তির আশঙ্কা
কয়েক দিনের টানা বর্ষণে পানি জমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদুল ফিতরের ছুটি শুরু হলে যানজট আরও বাড়বে বলে যানবাহনের চালকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের পর থেকে গাজীপুর সদর ও কালিয়াকৈর বাজার পর্যন্ত ১০টি স্থানে যানজটের সৃষ্টি হয়। এসব স্থানে বৃষ্টির কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিটি ঈদের আগে ঘরমুখো মানুষকে ওই সব স্থানে দুর্ভোগ পোহাতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের ১১৭টি সড়কে কয়েক হাজার যানবাহন চলাচল করে। ঈদের আগে যানবাহনের চাপ কয়েক গুণ বাড়ে। এসব যানবাহন চন্দ্রা ত্রিমোড় এলাকায় এসে দুই ভাগ হয়ে ঢাকায় এবং একইভাবে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যায়।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মহাসড়কের টঙ্গী বাসস্ট্যান্ড, টঙ্গী স্টেশন সড়ক, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, সফিপুর বাজার, মৌচাক, কালিয়াকৈরের সাহেববাজার এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ভোগড়া, কোনাবাড়ী ও কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়কের অবস্থা বেশি খারাপ। কয়েক দিন ধরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দক্ষিণ পাশ দিয়ে সড়ক বর্ধিতকরণের কাজ করা হচ্ছে। ওই কাজ করতে গিয়ে সড়কের ওপরে মাটি, বালু ও খোয়া ফেলে রাখা হয়েছে। এতে এখনই সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া কোনাবাড়ী এলাকায় সড়কে পানি জমে খানাখন্দ হওয়ায় সেখানেও যানজটের সৃষ্টি হচ্ছে।
উত্তরার আবদুল্লাহপুর পার হলেই টঙ্গী সেতু। গত শনি ও রোববার সরেজমিনে দেখা গেছে, টঙ্গী সেতুর ওপরে দোকানপাট বসায় সেখানে সড়ক সংকুচিত হয়ে গেছে। এখান থেকে যানজট শুরু হয়ে টঙ্গী বাজার পর্যন্ত লেগে থাকে। কয়েক কিলোমিটার সামনে টঙ্গী স্টেশন সড়ক এলাকায় সড়ক ভাঙাচোরা। এখান থেকে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। একই অবস্থা চেরাগআলী, গাজীপুরা ও বোর্ডবাজার এলাকায়। একটু বৃষ্টি হলেই গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কের ওপর জমে হাঁটুপানি। কোনাবাড়ী এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। এ ছাড়া দুই পাশেই জমে রয়েছে পানি। এ কারণে এখানে গাড়ি ধীরগতিতে চলায় যানজটের সৃষ্টি হচ্ছে। সফিপুরে যানজট সৃষ্টির কারণ হচ্ছে সড়কে ভ্রাম্যমাণ দোকানপাট। চন্দ্রা ত্রিমোড় এলাকায় উত্তরবঙ্গের বিভিন্ন যাত্রীবাহী বাসের ৫০-৬০টি কাউন্টার রয়েছে। এসব কাউন্টার থেকে যাত্রী ওঠানামা করায় যানজটের সৃষ্টি হচ্ছে।
টঙ্গী স্টেশন রোড এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, টঙ্গী এলাকায় সড়ক খারাপ। এ ছাড়া সেখানে দোকানপাট বসায় যানজট লেগে থাকে। এসব উচ্ছেদ করা হলে যানজট অনেকটা কমে যাবে।
কোনাবাড়ী (শালনা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে যে খানাখন্দের সৃষ্টি হয়েছে, তা মেরামত করা না হলে ঈদের আগে দুর্ভোগ বেড়ে যাবে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় কয়েক দিন ধরে রাস্তার কাজ করা হচ্ছে। এ কারণে যানজট এখনই শুরু হয়ে গেছে।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, ঈদুল ফিতর সামনে রেখে এখন থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিংহ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যেসব স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে, সেসব স্থান সংস্কারের জন্য ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। ঈদে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে দ্রুত কাজ করা হচ্ছে।