ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কারকাজ সম্পন্ন হয়নি
বৃষ্টিতে সড়কে হাঁটুপানি জনদুর্ভোগ, তীব্র যানজট
যোগাযোগমন্ত্রীর নির্দেশের পরও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহরের চাষাঢ়া রাইফেল ক্লাব থেকে চাঁদমারী এলজিইডি অফিস পর্যন্ত এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পাথর, ইটের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত তিন দিনের বৃষ্টির পানি গর্তে জমে সড়কের কোথাও কোথাও হাঁটুপানি জমে গেছে।ভাঙা সড়ক দিয়ে ধীরগতিতে চলাচল করতে গিয়ে গর্তে চাকা আটকে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনকে থেমে থাকতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছে পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। গত রোববার এই রুটে চলাচলকারী পরিবহনমালিকদের দুর্ঘটনা এড়াতে নিজ উদ্যোগে সড়কের গর্তগুলোতে ইট ও পাথর ফেলতে দেখা গেছে। তবে সওজ জানিয়েছে, সংস্কারকাজ চলছে। সড়কটির সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, এরশাদ সরকারের আমলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নির্মাণকাজ শুরু হয়। পাকিস্তান আমলে নির্মিত ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে (চাষাঢ়া থেকে পোস্তগোলা পর্যন্ত) যানবাহনের অত্যধিক চাপ কমাতে বিকল্প এই সড়কটি নির্মাণ শুরু হয়। ধীরগতিতে নির্মাণকাজ চলার পর ১৯৯৭ সালে রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহর থেকে ঢাকায় সরাসরি যাতায়াত করা যানবাহনগুলো লিংক রোড দিয়েই বেশি চলাচল করে থাকে। লিংক রোডের পাশে অবস্থিত খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ২০১১ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বিকল্প ও প্র্যাকটিস ম্যাচের ভেন্যু হিসেবে আইসিসি কর্তৃক নির্ধারিত হওয়ায় রাস্তাটি দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু করে সওজ। বিশ্বকাপ ক্রিকেটের আগেই লিংক রোডের সাইনবোর্ডের মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়। এরপর সওজ বাকি দুই কিলোমিটার অংশের কাজ শুরু করে। কিন্তু গত দেড় বছরেও সংস্কারকাজ সম্পন্ন করেনি সড়ক ও জনপথ অধিদপ্তর। গত ৮ জানুয়ারি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই কিলোমিটার অংশের সংস্কারকাজ দুই মাসে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মহলকে নির্দেশ দেন। কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তর গত তিন মাসে সড়কটির এক কিলোমিটার অংশ সংস্কার সম্পন্ন করলেও শহরের চাষাঢ়া থেকে চাঁদমারী এলজিইডি অফিস পর্যন্ত এক কিলোমিটার অংশ সংস্কার করেনি। সস্তাপুর এলাকার বাসিন্দা ও কলেজশিক্ষিকা ফারজানা আফরোজ রিপা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সড়কটির বিভিন্ন স্থান ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ওই সড়কে রিকশা চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে। রীতিমতো সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। শিবু মার্কেট এলাকার বাসিন্দা গৃহবধূ আঞ্জেলী জানান, প্রতিদিন বাচ্চাকে শিবু মার্কেট থেকে চাষাঢ়া স্কুলে নিয়ে আসতে হয় এবং ছুটি শেষে আবার নিয়ে যেতে হয়। কিন্তু সড়কটি ভাঙার কারণে ভাড়া দ্বিগুণ দিলেও কোনো রিকশা যেতে চায় না। শহরের খানপুর এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, প্রতিদিন বাসে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় অফিস করতে হয়। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের (শহরের চাষাঢ়া থেকে এলজিইডি পর্যন্ত) সড়কের ভাঙা অংশ পার হতে দু-তিন ঘণ্টা লেগে যায়। শহরের চাষাঢ়া এলাকায় যানজট নিরসনের দায়িত্বে থাকা ট্রাফিক এসআই শরীফ জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি এমনিতেই ভাঙা। তার ওপর বৃষ্টির পানি জমে সড়কটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়েছে। সড়কটি ভাঙা ও গর্তের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন জানান, লিংক রোডের চাষাঢ়া থেকে শহরের চাঁদমারী এলজিইডি অফিস পর্যন্ত সড়কের অবস্থা খুবই করুণ। ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানান, যোগাযোগমন্ত্রীর নির্দেশের পরও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়নি। শুধু সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণে সড়কটির সংস্কারকাজ শেষ হচ্ছে না। এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তুষারকান্তি সাহা জানান, সড়কটি দ্রুত সংস্কারের চেষ্টা চালানো হচ্ছে। জনদুর্ভোগের কথা স্বীকার করে জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল জানান, সড়কটি সংস্কারের জন্য এখনো টাকা ছাড় করা হয়নি। এ কারণে সংস্কারে দেরি হচ্ছে বলে তিনি জানান।