বৃষ্টিতে ১৭ হাজার একরে লবণ উৎপাদন ব্যাহত
কয়েক দফা বৃষ্টিতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১৭ হাজার একর জমিতে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে চলতি লবণের মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে লবণচাষিরা আশঙ্কা প্রকাশ করেছেন।লবণচাষিরা জানান, গত বছর নভেম্বর মাসের শুরুতেই মহেশখালীর বিভিন্ন এলাকায় চাষিরা লবণ চাষ শুরু করেন। মৌসুমের শুরুতে তাঁরা এক মণ লবণ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করেন। এবারও ভালো লবণ উৎপাদন হতো বলে তাঁরা আশা করছিলেন। কিন্তু গত এক মাসে দুই দফা টানা বৃষ্টিতে লবণের জমি নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে জমি ভেজা থাকায় তাঁরা উৎপাদন করতে পারছেন না। এতে অনেক চাষির লোকসান হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীনে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীতে লবণ চাষ করা হয়। বিসিকের কক্সবাজারের গবেষণা কর্মকর্তা এ টি এম ওয়ালি উল্লাহ জানান, এ মৌসুমে মহেশখালীতে প্রায় ১৭ হাজার একর জমিতে লবণ চাষ হয়েছে। কিন্তু এক মাসের মধ্যে দুই দফা বৃষ্টিতে মাঠপর্যায়ে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে। এর পরও আবহাওয়া স্বাভাবিক থাকলে ১৫ মের মধ্যে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এ বছর কক্সবাজার ও বাঁশখালীতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ লাখ ৫০ হাজার টন।কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার লবণচাষি মনির হোসেন বলেন, ‘এ বছর লবণের ন্যায্যমূল্যের আশায় ছয় একর জমিতে লবণ চাষ করেছি। এতে লবণ উৎপাদনের শুরুতেই লবণের ন্যায্যমূল্য পাওয়ায় খুশি হয়েছি। কিন্তু গত এক মাসের মধ্যে দুই দফা অসময়ে বৃষ্টিতে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে।’মহেশখালী উপজেলা লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি ও বড় মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান শরীফ বাদশাহ জানান, এক মাসের মধ্যে দুই দফা বৃষ্টি হওয়ায় লবণচাষিদের ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে।