বৃষ্টিতে ২৫০ কিলোমিটার রাস্তায় খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বিভিন্ন এলাকার সড়কগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে যত্রতত্র ভাঙাচোরা দেখা দিয়েছে। নগরের পাঠানটুলা এলাকার লতিফ মঞ্জিল-পনিটুলা সড়কের ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
সিলেট নগরের বিভিন্ন এলাকার সড়কগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে যত্রতত্র ভাঙাচোরা দেখা দিয়েছে। নগরের পাঠানটুলা এলাকার লতিফ মঞ্জিল-পনিটুলা সড়কের ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

অতিবৃষ্টিতে সিলেট নগরের প্রায় ২৫০ কিলোমিটার রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। রাস্তাজুড়ে কার্পেটিং উঠে গিয়ে বেরিয়ে এসেছে পাথর ও ইটের খোয়া। ছোট-বড় অসংখ্য গর্ত দেখা দেওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। সামান্য বৃষ্টি হলেই জলকাদায় একাকার হয়ে পড়ছে এসব রাস্তা। সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগেই জরুরি ভিত্তিতে এসব রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।

গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, নগরের কদমতলী, মুক্তিযোদ্ধা চত্বর, হুমায়ূন রশীদ চত্বর, ভার্থখলা, পুরাতন রেলস্টেশন, বাগবাড়ি, শামীমাবাদ, কালীবাড়ি, করেরপাড়া, পাঠানটুলা, লতিফ মঞ্জিল, শাহী ঈদগাহ, কুমারপাড়া, পনিটুলা, সেনপাড়া, উপশহর, জেলরোড, নাইওরপুল, সোবহানীঘাট, চালিবন্দর, শেখঘাট, লালদিঘিরপাড়, মহাজনপট্টি এলাকার প্রধান রাস্তাগুলোতে খানাখন্দে ভরা।

বিভিন্ন এলাকার ১৭ জন বাসিন্দা জানিয়েছেন, নগরের দেড় শতাধিক এলাকা ও পাড়া-মহল্লার প্রধান রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। এসব রাস্তার অধিকাংশই এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছয় মাস থেকে এক বছর ধরে রাস্তাগুলোর এমন অবস্থা থাকলেও সেসব সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুব একটা উদ্যোগ চোখে পড়ছে না।

পনিটুলা এলাকার বাসিন্দা পলাশ তালুকদার বলেন, তাঁর বাসায় যেতে হয় লতিফ মঞ্জিল-পনিটুলা রাস্তা পাড়ি দিয়ে। অথচ বছরখানেক ধরে রাস্তাটির অন্তত এক কিলোমিটার অংশ ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এ কারণে অনেক রিকশাচালক কিংবা সিএনজিচালিত অটোরিকশার চালক এ রাস্তায় যাত্রী পরিবহন করতে রাজি হন না। যেসব চালক যেতে রাজি হন, তাঁদের আবার অতিরিক্ত টাকা দিতে হয়।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, নগরে ৫৬৮ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। চলতি বর্ষা মৌসুমে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় অনেক নতুন রাস্তাও ভেঙে গেছে। নগরের ২৭টি ওয়ার্ডে সব মিলিয়ে এখন প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এর বাইরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে থাকা নগরের ১৮ কিলোমিটার সড়কের কিছু অংশে খানাখন্দ তৈরি হয়েছে। তবে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, সওজের সড়কগুলোতে খানাখন্দ নেই। যেসব খানাখন্দ ছিল, সেসব সংস্কার করা হয়েছে।

সিটি করপোরেশন ও সওজের দুজন কর্মকর্তার পর্যবেক্ষণ অনুযায়ী, নগরে দুই কর্তৃপক্ষের অন্তত ৫২ থেকে ৫৫ শতাংশ রাস্তায় খানাখন্দ রয়েছে। তবে নগরবাসী এ তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাঁদের অনুমান, নগরের অন্তত ৬০ থেকে ৬৫ শতাংশ রাস্তাঘাটে খানাখন্দ তৈরি হয়েছে। নাগরিক জোট সিলেটের সভাপতি হুমায়ূন চৌধুরী বলেন, ‘নগরের অধিকাংশ রাস্তাই এখন ভাঙাচোরা। খানাখন্দে যান উল্টে যাওয়ার ভয়ে অনেকটা ঝুঁকি নিয়েই নগরবাসীকে চলাচল করতে হচ্ছে। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়।’

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, বেশি বৃষ্টি হওয়ায় প্রচুর খানাখন্দ দেখা দিয়েছে রাস্তায়। তবে ঈদের আগেই জরুরি ভিত্তিতে অধিকাংশ রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বৃষ্টির মৌসুম শেষ হলে স্থায়ীভাবে এসব রাস্তা পুনর্নির্মাণ করা হবে।