বৃষ্টিতে ৬০০ বিঘা জমির ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টানা দুই দিনের বৃষ্টিতে প্রায় ৬০০ বিঘা জমির আলু, সরিষা ও গম নষ্ট হয়ে গেছে। এতে লোকসান হওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র ও কৃষকেরা জানান, গত ২ ও ৩ জানুয়ারির বৃষ্টিতে ফসলের এই ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গল ও বুধবার উপজেলার জগথা, ভাকুড়া, খালপাড়া, বাঘমারা, শেখপাড়াসহ ১২-১৩টি গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্ত হওয়া গম, আলু ও সরিষা খেত পাওয়া গেছে। কোথাও কোথাও খেতে নতুনভাবে বোরো ধান চাষের প্রস্তুতি নিতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা দাবি করেন, দুই দিনের বৃষ্টিতে তাঁদের দেড় থেকে দুই কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে।
পীরগঞ্জ উপজেলার খালপাড়া গ্রামের খোরশেদ আলী বলেন, ‘ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে আলু তোলার আশায় এবার ৮৫ হাজার টাকা খরচ করে তিন বিঘায় ডায়মন্ড জাতের আলু চাষ করেছিলাম। ২৫-২৬ দিন পানিতে ডুবে থাকায় আলুর শিকড় পচে গেছে। আলু চাষের সব টাকা এবার পানিতে ভেসে গেছে।’
ভাকুড়া গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ১৫ হাজার টাকা খরচ করে তিনি আড়াই বিঘা জমিতে সরিষার আবাদ করেন। কিন্তু বৃষ্টির পানিতে ২৪-২৫ দিন ডুবে থাকায় ওই সরিষা নষ্ট হয়ে গেছে। খেত নষ্ট না হলে ৫০-৬০ হাজার টাকার সরিষা পাওয়া যেত।
দুর্গাপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায় বলেন, ‘৭০-৭৫ হাজার টাকা খরচ করে দুর্গাপুর কান্দরে চার বিঘায় গম চাষ করেছিলাম। কিন্তু পানিতে ডুবে গমের গাছ মরে পচে গেছে। এখন ওই খেতের গমগাছ কেটে তাতে বোরোর আবাদ করব। কিন্তু গম চাষ করে পুঁজি শেষ হয়ে যাওয়ায় এখন বোরোর আবাদ করতেও পারছি না।’
স্থানীয় সূত্রে জানা গেছে, খালপাড়া গ্রামের মাহাতাব আলীর আড়াই বিঘার গম, এক বিঘায় সরিষা ও এক বিঘার আলু এবং একই গ্রামের মজিবর রহমানের এক বিঘা ও সৈয়দ আলীর দুই বিঘাসহ আরও ১৩ জন চাষির ৩৫ বিঘা আলু নষ্ট হয়েছে। একইভাবে কলবস্তি গ্রামের ইদ্রিশ আলীর তিন বিঘা, ফয়জুল ইসলামের আড়াই বিঘা, আবদুল জব্বারের দেড় বিঘা ও ভাকুড়া গ্রামের জসিমউদ্দীনের এক বিঘাসহ ভাকুড়া, নারায়ণপুর, প্রধানপাড়া, শেখপাড়া, দুর্গাপুর, পালিগাঁও, ফুটানীটাউন, মাঝাকান্দর ও খামার নারায়ণপুর গ্রামের আরও কমপক্ষে ১০০ বিঘা আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপজেলার গিয়াসউদ্দীন, সুবল চন্দ্র রায়, আবুল কাসেম, মামুনসহ অন্যান্য চাষির কমপক্ষে ১৫০ বিঘা জমির গম নষ্ট হয়েছে। সব মিলিয়ে ২ ও ৩ জানুয়ারির বৃষ্টিতে ৬০০ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় দুই হাজার হেক্টর জমিতে আলু, ১৪ হাজার ১৫০ হেক্টরে গম ও দেড় হাজার হেক্টরে সরিষার আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চাষিরা নষ্ট হওয়া ফসলের খেতে বোরো ধান চাষ করছেন। এ জন্য প্রকৃত ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।