বৃষ্টিতেও জমজমাট আই-জেনের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরে গতকাল অনুষ্ঠিত আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী খুলনা জিলা স্কুলের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
খুলনা শহরে গতকাল অনুষ্ঠিত আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী খুলনা জিলা স্কুলের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

গতকাল বৃহস্পতিবার দিনভর দেশের বেশির ভাগ স্থানে প্রবল বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যেও চারটি জেলার প্রতিযোগীরা মেতে উঠেছিল আই-জেন আসরের আনন্দে। গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতার গতকালের আসরগুলো বসে খুলনা, চাঁদপুর, পঞ্চগড় ও মাগুরায়। চার জেলায় পৃথক আসরে মোট ৫৯টি বিদ্যালয়ের ৪৫২ শিক্ষার্থী অংশ নেয়। প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
খুলনা: সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল আবিদা আরিফিন শাপলা। আই-জেন প্রতিযোগিতার স্কুল পর্যায়ে তার বিদ্যালয়ের সেরা নির্বাচিত হয়েছিল সে। গত ২৭ জুন ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ ধসে শাপলা মারা যায়। গতকাল সকাল নয়টায় প্রেসক্লাব মিলনায়তনে শাপলার উদ্দেশে এক মিনিট নীরবতা পালনের পর প্রতিযোগিতা শুরু হয়। ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এতে দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে খুলনা জিলা স্কুল সেরা বিদ্যালয় নির্বাচিত হয়। সেরা পাঁচ বিজয়ী: নাইমুল ইসলাম, সাদমান নাসিফ, অনিক মিত্র, ফুয়াদ সাকিব ও সাজিদ ইকবাল।
মাগুরা: শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার ১৬টি বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর আগে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য এই বিদ্যালয়ের নির্বাচিত পাঁচ প্রতিযোগী হলো: মো. মুস্তাকিম ইসলাম তামিম, সুজয় কুমার দাশ, মো. আল হাসিব পান্থ, শাদমান সাকিব ইফতি ও তানভীর রেজা। বিচারক ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কাজী শামসুজ্জামান কল্লোল।
পঞ্চগড়: শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আই-জেন প্রতিযোগিতা শুরু হয়। এতে জেলার ১৬টি বিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা নির্বাচিত হয় পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী হলো: রাকীন মুয়ীব মনন, নিশাত রায়হান, ফয়সাল আজিজ, মাসুম বিল্লাহ ও কাওছার ইবনে দেলোয়ার।
চাঁদপুর: প্রেসক্লাব মিলনায়তনে বসে শিক্ষার্থীদের মিলনমেলা। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ১১টি বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। সেরা নির্বাচিত হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই দলের পাঁচজন হলো: রাইহানা তাসনিম, তাছনুর ভূঁইয়া, মিমছা মেহজাবিন ইশা, তাবাসসুম জান্নাতুল নূর মীম ও সুস্মিতা পোদ্দার।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।