বৃষ্টিতেও থেমে ছিল না ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণ পেয়ে খুশি শিশুরা। রাঙামাটি শহরের গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে গতকাল সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয় l প্রথম আলো
ত্রাণ পেয়ে খুশি শিশুরা। রাঙামাটি শহরের গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে গতকাল সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয় l প্রথম আলো

পাহাড়ধসের পর রাঙামাটি সদর উপজেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আশ্রয় নেয় ১৬টি পাহাড়ি পরিবার। জেলা প্রাশসনের তালিকাভুক্ত আশ্রয়কেন্দ্র না হওয়ায় এসব পরিবার বলতে গেলে তেমন কোনো ত্রাণ পায়নি। এখানে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের কাছে গতকাল বুধবার প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ পৌঁছে দেন বন্ধুসভার সদস্যরা।

গতকাল সকাল থেকে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে রাঙামাটিতে। এর মধ্যেই বন্ধুসভার সদস্যরা ত্রাণবাহী গাড়ি নিয়ে ছোটেন রাঙামাটি সদর ও কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায়। সপ্তম দিনে গতকাল ত্রাণ দেওয়া হয় ২৪৬ পরিবারকে। ত্রাণ পেয়ে হাসি ফোটে দুর্গত মানুষের মুখে।

১৫ জুন থেকে রাঙামাটির দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে প্রথম আলো ট্রাস্ট। গতকাল পর্যন্ত সাত দিনে মোট ১ হাজার ২২৬ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্ধুসভার পরিচালনায় এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন রাঙামাটি বন্ধুসভার সদস্যরা।

গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙামাটি সদরের বাংলাদেশ শিশু একাডেমীতে ১২টি পরিবারকে, গোধূলি আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮, উলুছড়া আলুটিলা পৌর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০, বাংলাদেশ বেতার আশ্রয়কেন্দ্রে ৪০, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে ৩৩, মনোঘর আবাসিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫ ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৬টি পরিবারে মধ্যে ত্রাণ দেওয়া হয়। প্রতি পরিবারকে ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে ২৫০ গ্রাম গুঁড়া দুধ, ১০ প্যাকেট খাওয়ার স্যালাইন, একটি শাড়ি, একটি লুঙ্গি, এক প্যাকেট বিস্কুট, থালাবাসন, চামচ, হাঁড়িপাতিল ও দুই লিটার বিশুদ্ধ পানি।

এ ছাড়া রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লেবাপাড়া, চম্পাতলী, দেওয়ানপাড়া ও জুনুমাছড়া এলাকার ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারকে, সন্দ্বীপ কলোনি এলাকায় ৫, বেতছড়িতে ৩ ও কচুখালীতে ২৩টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে ৩ কেজি চাল, আধা কেজি ডাল, ২৫০ গ্রাম গুঁড়া দুধ, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, আধা কেজি মুড়ি, একটি শাড়ি, একটি থামি ও এক প্যাকেট বিস্কুট দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণের সময় বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য হাসান মাহমুদ, চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মিনহাজ হোসাইন, ইব্রাহীম তানভীর, গোলাম রাব্বানী, রায়হান খান, রাঙামাটি বন্ধুসভার দীপান্বিতা চাকমা, পারমি চাকমা, অনন্ত চাকমাসহ ২৫ জন বন্ধু উপস্থিত ছিলেন। আজও রাঙামাটির বিভিন্ন এলাকায় প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে।

 এদিকে রাঙামাটির দুর্গত মানুষের সহায়তায় গতকাল প্রথম আলো ট্রাস্টে জমা পড়েছে ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা। এর মধ্যে প্রথম আলোর কার্যালয়ে এসে ট্রাস্টের তহবিলে এক ব্যক্তি (নাম প্রকাশ করতে চাননি) ২ লাখ টাকা দিয়েছেন। মাহবুবা জান্নাত নামের আরেকজন দিয়েছেন ৬ হাজার ৫০০ টাকা। প্রথম আলো ট্রাস্টের ব্যাংক হিসাবে জমা পড়েছে ১৪ হাজার টাকা। সব মিলিয়ে গতকাল পর্যন্ত রাঙামাটির দুর্গত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে জমা হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।