বৃষ্টিতেও পদ্মার চরে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টি উপেক্ষা করে ঈদুল ফিতরের দিন বিকেলে মুন্সিগঞ্জে বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ঢল নামে। জেলা সদরে বিনোদনকেন্দ্র না থাকায় লৌহজংয়ের পদ্মা রিসোর্ট, পদ্মার চর আর মাওয়া রিসোর্টে ছিল মানুষের উপচে পড়া ভিড়।
দর্শনার্থী ও এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদে বেড়ানোর জন্য সিরাজদিখান, টঙ্গিবাড়ী, শ্রীনগর ও ঢাকার আশপাশের এলাকা থেকে শত শত মানুষ পদ্মার চরের নিরিবিলি ও যানজটমুক্ত এলাকা বেছে নিয়েছে। স্পিডবোট আর নৌকায় করে নদীতে বেড়ানো, চরের বিশাল এলাকায় শাপলা-শালুকের ফুল কুড়ানো, পদ্মার পানিতে গোসল করাসহ নানাভাবে বিনোদনে মেতে ওঠেন দর্শনার্থীরা।
পদ্মা রিসোর্টের মালিক মোহাম্মদ আলী ব্যাপারী বলেন, ঈদের আগেই সাজানো-গোছানো ও ধোয়ামোছার কাজ শেষ করে তৈরি রাখা হয়েছে পদ্মার চরে তৈরি বিনোদনকেন্দ্র পদ্মা রিসোর্টকে। এখানে নয়টি কটেজে রয়েছে ডুপ্লেক্স সিস্টেম। প্রতিটি কটেজে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। ঈদের দিন বিকেল থেকেই পদ্মা পাড়ি দিয়ে মানুষের ঢল নামে পদ্মা রিসোর্ট ও চরগুলোতে।
ঢাকা থেকে পরিবারের সঙ্গে পদ্মার চরে বেড়াতে এসে সানজিদা আক্তার বলেন, ‘ঈদের আনন্দ করতেই এখানে এসেছি। বছর ঘুরে এমন একটা আনন্দের দিন আসে। বৃষ্টি হলেও এখানে চলে এসেছি। লৌহজংয়ের মেদেনীমণ্ডল এলাকার ফারুক হোসেন বলেন, পদ্মার তীরে বৃষ্টিতে ভেজার আনন্দই আলাদা।
মুন্সিগঞ্জ সদরে কোনো বিনোদনকেন্দ্র না থাকায় ধলেশ্বরীর তীর ও সুইমিংপুল বিনোদনকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঈদের দিন বিকেলে ও পরের দিন এই দুটি স্থানে তরুণ-তরুণীরা একটু বিনোদনের জন্য ভিড় করেন। এ ছাড়া শ্রীনগরে জগদীশচন্দ্র বসুর জন্মভিটা ও বলাশুরে বিক্রমপুর জাদুঘরে ঈদের দিন দর্শনার্থীরা ভিড় করেন। তবে স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, ঈদের আগের দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত টানা বৃষ্টির কারণে অনেকের ঈদ বিনোদন গত কয়েক বছরের তুলনায় কম হয়েছে।