বৃষ্টিপাত কম হওয়ায় জুমিয়া আদিবাসীদের কপালে হাত
বান্দরবানে জুমের ধানখেতের বাড়ন্ত সময়ে বৃষ্টিপাত কম হওয়ায় জুমচাষিদের কপালে হাত উঠেছে। বৃষ্টির অভাবে ধানগাছের পাতা লালচে রং ধারণ করেছে। কয়েক দিনের মধ্যে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হবে৷ গতকাল রোববার চিম্বুক পাহাড়ের জুমচাষিরা এ কথা জানিয়েছেন।
কৃষিবিদেরা বলেছেন, শুধু বৃষ্টিপাতনির্ভর জুম চাষে আষাঢ়ের শেষের দিকে এবং শ্রাবণ মাসে ফসল বেড়ে ওঠার সময়ে প্রচুর বৃষ্টির প্রয়োজন। কিন্তু এবারের জুমের মৌসুমে এখনো প্রয়োজনীয় মাত্রায় বৃষ্টি না হওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে।
চিম্বুক পাহাড়ের বসন্ত পাড়ার হমক্রি ম্রো বলেন, ধানগাছ বেড়ে ওঠার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো বৃষ্টি হয়নি এবং কয়েক দিনে বৃষ্টি হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না। শ্রাবণ মাসের শেষের দিকে বৃষ্টি না হলে ধানের থোড় (ধানগাছে ফুল আসার আগের অবস্থা) এলেও তা শুকিয়ে কাঠ হয়ে যেতে পারে।
ক্রামাদি পাড়ার ক্লাংসাই ম্রো জানান, বৃষ্টি না হলে ধানগাছ বেড়ে না উঠলেও বয়স বেড়ে যাবে। এ রকম বেশি বয়সী ছোট গাছে ধানের দানা হবে না এবং লালচে রং ধারণ করে চিটা ধরবে।
বসন্ত পাড়ার তয়ো ম্রো, ম্রোলং পাড়ার মেনু ম্রো জানান, জঙ্গল কেটে শুষ্ক করে নেওয়া জুমভূমিতে চৈত্রের শেষে ও বৈশাখের প্রথম সপ্তাহে আগুন দিয়ে পরিষ্কার করে ধান ও অন্যান্য ফসলের বীজ বপন করা হয়। শ্রাবণের শেষ ও ভাদ্র মাসে জুমের ধান পেকে ওঠে। তবে আষাঢ় মাসের মাঝামাঝি থেকে ভুট্টা, ঢ্যাঁড়স, বেগুনসহ বিভিন্ন ফসল আসতে থাকে। এ জন্য আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টিপাত জুমের জন্য অত্যন্ত জরুরি।
কৃষিবিদেরা বলেন, পাহাড়ের ঢালুতে জুমচাষ হওয়ায় পানি সেচ দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক জুম এলাকায় ছোট ছোট পানির স্রোতোধারা থাকলেও সেগুলো শুধু জুমিয়াদের দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য যথেষ্ট।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আলতাফ হোসেন বলেন, চিম্বুক পাহাড়সহ জেলায় সাতটি উপজেলার দুর্গম বনাঞ্চলে প্রায় নয় হাজার হেক্টর জমিতে আদিবাসীরা এ বছর জুমচাষ করছেন। বৃষ্টিপাত কম হওয়ায় এখন কিছুটা সমস্যা হলেও কয়েক দিনের মধ্যে বৃষ্টি হলে তা কেটে যাবে।