বৃষ্টিপাতের প্রবণতা আজও থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ শুক্রবারও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। ঢাকা ও এর আশপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলেছে, আজও চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয়। অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয়। ফলে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া সাধারণভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের দক্ষিণাঞ্চলের চেয়েও মৌসুমি বায়ু অধিক সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। তবে সক্রিয় মৌসুমি বায়ু ছাড়া সমুদ্রে কোনো লঘুচাপ নেই। দেশের কোনো সমুদ্রবন্দরকেই কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না।