বৃষ্টিবিঘ্নিত ঈদবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার দুপুর ১২টা। মুষলধারে বৃষ্টি। পানি থই থই করছে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের প্রবেশমুখ আমতলের গলিতে। নালা উপচানো এই পানি থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তোলা নতুন ডিজাইনের পোশাক বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা দোকানিদের। কয়েকজন নারী-পুরুষ বৃষ্টিতে কাকভেজা হয়ে বিভিন্ন দোকানে আশ্রয় নিয়েছেন। গত দুই দিনের বৃষ্টিতে চট্টগ্রামের ঈদবাজারের ক্রেতা-বিক্রেতা উভয়েই এমন বিপাকে পড়েছেন। লঘুচাপের কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ৮৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে বিপণিবিতানগুলোতে ক্রেতার ভিড় কমেছে। কেনাকাটায় মন্দাভাব। নগরের কয়েকটি বিপণিকেন্দ্র ঘুরে এই চিত্র দেখা যায়। মধ্যবিত্তের বাজার খ্যাত নগরের রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেইনের পপি ফ্যাশনের দোকানি ফোরকান বলেন, ‘এত দিন ভিড় ছিল ভালোই। কিন্তু বৃষ্টির কারণে আজ ক্রেতা একটু কমে গেছে।’ নগরের নিউমার্কেট, আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, ভিআইপি টাওয়ার শপিং মল, সানমার ইত্যাদি অত্যাধুনিক বিপণিকেন্দ্রেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। ভিআইপি টাওয়ারের সিকদার শাড়িজের দোকানি মো. রুবেল বলেন, গত শুক্রবার বৃষ্টি ছিল। বৃষ্টি আজ আরও বেড়েছে। মানুষজন বাসা থেকে বের হতে পারছে না। তাই বিক্রিতে একটু মন্দা। ঈদবাজার উপলক্ষে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটকেন্দ্রিক প্রতিদিন যানজট থাকলেও গতকাল তা চোখে পড়েনি। সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও গতকাল যেভাবে ক্রেতা সমাগমের আশা করা হয়েছিল, সেভাবে হয়নি। তবে বৃষ্টি উপেক্ষা করেও অনেকে বাজারে এসেছেন। তেমন একজন লোকমান হোসেন। মিমি সুপার মার্কেটে দাঁড়িয়ে তিনি বলেন, ‘কিছু বাজার এগিয়ে রাখার জন্য বৃষ্টিতে বের হলাম। পরে আবার আসতে হবে।’ আফমি প্লাজার দেশীদশ বুটিক প্রতিষ্ঠানে শুক্রবারও ছিল উপচে পড়া ভিড়। সেদিন বৃষ্টি কিছুটা কম ছিল। কিন্তু গতকাল সেভাবে লোকজন দেখা যায়নি। দেশীদশের ব্যবস্থাপক টিটু বড়ুয়া বলেন, ‘বৃষ্টির কারণে আজ ক্রেতা অনেক কমে গেছে। বৃষ্টির আগে পর্যন্ত ঈদবাজার জমজমাট ছিল।’ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নবিত্তদের বাজার খ্যাত জহুর হকার কিংবা ফুটপাতের দোকানিরা। মাথার ওপর দেওয়া ত্রিপলও মানছে না বৃষ্টি। ভিজে একাকার পোশাক। এসব দোকানির জন্য দুঃখের সংবাদ দিল আবহাওয়া দপ্তর, ‘লঘু চাপের কারণে তিনটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক দেখাতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাত হবে।’