বৃষ্টিভেজা দিনে ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গতকাল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের জাতীয় উৎসবে চিরকুটের গাওয়া গানের সঙ্গে হাত নাড়িয়ে গলা মেলায় শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গতকাল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের জাতীয় উৎসবে চিরকুটের গাওয়া গানের সঙ্গে হাত নাড়িয়ে গলা মেলায় শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

এ তো আর খোলা মাঠ নয় যে বৃষ্টি নামলেই কাকভেজা হতে হবে। রীতিমতো সুরম্য অট্টালিকার অত্যাধুনিক সুবিধার সুপরিসর মিলনায়তন। কাজেই ছিটেফোঁটা বৃষ্টির জন্য অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ল না। বাইরে থেকে বৃষ্টি ঝরে গেল তার মতো। ওদিকে ভেতরে প্রতিযোগিতা, গান, জাদু, আলোচনা আর পুরস্কার জয়ের আনন্দে সম্পন্ন হলো এইচএসবিসি-প্রথম আলো দ্বাদশ ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব। স্থান খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দানিউল হক। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। পরে রঙিন বেলুন উড়িয়ে মূল সূচনা হয় কার্যক্রমের। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক আসাদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তারেক রেজা, সহকারী অধ্যাপক মামুন অর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহেল রাজীব, রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম ও এইচএসবিসি ব্যাংকের করপোরেট রেসপনসিবিলিটি ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়ের।
এবার গত ১৮ মার্চ সিলেট থেকে আঞ্চলিক প্রতিযোগের মধ্য দিয়ে দেশব্যাপী ভাষা প্রতিযোগ শুরু হয়েছিল। পরে হয়েছে ময়মনসিংহ, যশোর, বরিশাল, চট্টগ্রাম, বান্দরবান, সৈয়দপুর, নাটোর ও ঢাকা—এই মোট নয়টি অঞ্চলের প্রতিযোগ। এর ৫৮০ জন বিজয়ীকে নিয়ে গতকাল হলো জাতীয় উৎসব। এতে সেরাদের সেরা হয়েছে ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আহমেদ।
উদ্বোধনের পর যথারীতি শুরু হয় পরীক্ষার পর্ব। পরীক্ষার পর্ব শেষে ভাষা নিয়ে এই উৎসবের আনন্দঘন দ্বিতীয় পর্ব শুরু হয় আঞ্চলিক প্রতিযোগে বানানে শীর্ষস্থান অধিকারী দশজনকে নিয়ে ‘বানানবীর’ নামের প্রতিযোগিতা দিয়ে। এটি এবার প্রথম সংযোজিত হলো। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী রুকাইয়া বিনতে রশীদ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগের জাতীয় পর্ষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘ভাষা প্রতিযোগ যে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়েছে, তোমাদের মতো উজ্জ্বল মুখের এই বিপুল অংশগ্রহণের মধ্য দিয়েই আমরা তার প্রমাণ পাই। ভাষার ব্যবহার, বানান সম্পর্কে তোমাদের সচেতন হতে হবে।’ এই পর্ব পরিচালনা করেন ভাষা প্রতিযোগের সমন্বয়ক অধ্যাপক তারিক মনজুর।
এবার ভাষা প্রতিযোগের একটি সংগীতও তৈরি করা হয়েছে। কবির বকুলের লেখা গানটিতে সুর করেছেন ও গেয়েছেন হৃদয় খান। গানটি এবারের আঞ্চলিক প্রতিযোগের কার্যক্রমের সঙ্গে চিত্রায়িত। মঞ্চের বড় পর্দায় এর প্রদর্শনের শেষ পর্যায়ে ‘সবার যোগে ভাষা প্রতিযোগ’ গাইতে গাইতে মঞ্চে আসেন শিল্পী হৃদয় খান। হৃদয় খানের পরিবেশনার পর জাদুর চমক নিয়ে মঞ্চে আসেন জাদুকর আলী রাজ। বেশ কিছু জাদু দেখিয়ে তিনি তাক লাগিয়ে দেন। এরপর বিরতি।
গানের দল চিরকুটের ‘এমন দেশটি কোথাও খুঁজে’ দিয়ে বিরতির পর আবার অনুষ্ঠানের শুরু। আরও কয়েকটি গান শোনায় চিরকুট। এর মধ্যে লিখিত পরীক্ষার ফল আসতে শুরু করেছিল। ঘোষণা করা হলো গল্প লেখার ফল। এতে চারটি বিভাগে প্রথম হয়েছে কিশোয়ার তাহিয়া মজুমদার, মাধুর্য রাওয়ান আসফিয়া, ইফরিত তাহামিদ ও মুশাররাত মেহজাবিন। তাদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। ৯৮ শতাংশ শিশু স্কুলে যাচ্ছে। প্রাথমিকে ছাত্রীর সংখ্যা ৫১ শতাংশ এবং মাধ্যমিকে ৫৩ শতাংশ। দেশে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ কোটি। তবে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। তরুণ প্রজন্মকে শুদ্ধ করে ভাষাচর্চায় অনুপ্রেরণা দিতে প্রথম আলোর এই আয়োজনের তিনি প্রশংসা করেন।
এরপর ছিল সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানানোর পালা। এইচএসবিসি ব্যাংকের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রান্সওয়াঁ দ্য ম্যারিকো বলেন, তিনি ফ্রান্সের মানুষ। এ দেশে আসার আগেই বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জেনেছেন। বিশেষ করে রবীন্দ্রসাহিত্য পাঠ করেছেন। অবগত হয়েছেন মহান রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কে। ভাষাচর্চার এই আয়োজনে অংশ নিতে পেরে তাঁরা আনন্দিত।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী শিক্ষার্থীদের বলেন, ‘নিজেরা শুদ্ধভাবে ভাষা শেখার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরা যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারেও তোমাদের কিছু করতে হবে।’
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ভাষাচর্চার মান এতটা নেমেছে তা প্রত্যাশিত ছিল না। সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার জন্য তৃণমূল পর্যায় পর্যন্ত ভাষাচর্চার প্রয়োজন। প্রথম আলোর এই উদ্যোগ ভাষাচর্চার ক্ষেত্রে প্রেরণা দেবে।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ভাষাচর্চার মানে মানুষকে জানা, দেশকে জানা। প্রতিযোগিতার পরেই যাতে এই জানার আগ্রহ শেষ না হয়, শিক্ষার্থীদের তিনি সেই আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও অধ্যাপক সৌমিত্র শেখর। জাতীয় পর্যায়ের প্রতিযোগে বিভিন্ন বিভাগে বিজয়ী ৮০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে দিনব্যাপী মাতৃভাষা নিয়ে এই আনন্দঘন উৎসব।