
সকাল থেকেই বৃষ্টি। এর ভেতরেই লাশবাহী গাড়িতে সুরস্রষ্টা লাকী আখান্দ্কে আনা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। তাঁর সুর করা বহুল জনপ্রিয় গান ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ স্মরণ করে বেদনার্ত কণ্ঠে কেউ কেউ বলেছেন, এমন দিনেই চলে যেতে হলো লাকীকে! শুক্রবার যখন তাঁর মৃত্যুসংবাদ পৌঁছেছিল বন্ধুদের কাছে, তখনো মুষলধারে বৃষ্টি। গতকাল বৃষ্টিভেজা দুপুরেই রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে মুক্তিযোদ্ধা, সুরকার, সংগীত পরিচালক লাকী আখান্দ্কে।
গতকাল শনিবার সকালে পুরান ঢাকার আরমানিটোলা মসজিদের সামনের মাঠে শিল্পীর প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তাঁকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেখানে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এসেছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু-স্বজন, কণ্ঠশিল্পী, অভিনেতা, সংস্কৃতিকর্মী, ভক্ত-অনুরাগী ও রাজনৈতিক অঙ্গনের মানুষেরা। ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমার নেতৃত্বে লাকী আখান্দ্কে দেওয়া হয় গার্ড অব অনার।
শহীদ মিনার প্রাঙ্গণে এসেছিলেন সংগীতশিল্পীদের মধ্যে ফকির আলমগীর, খুরশিদ আলম, তিমির নন্দী, নকীব খান, আসিফ ইকবাল, বেলাল খান, কাজী হাবলু, ফোয়াদ নাসের বাবু, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, গীতিকার কবির বকুল, লেখক শাকুর মজিদ এবং নাট্যসংগঠন প্রাচ্যনাট, ঋষিজ, আবৃত্তি সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাসাস, খেলাঘর, শিল্পীত প্রভৃতি সংগঠন।
শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘যে বয়সে মানুষ শেখে, সেই বয়সে তিনি সংগীত নিয়ে কাজ শুরু করেছিলেন। অন্যকে শেখাতে শুরু করেছিলেন, কীভাবে সুরের সঙ্গে যন্ত্রের সম্মিলন ঘটাতে হয়। কী করে মানুষের হৃদয় স্পর্শ করা গান তৈরি করতে হয়, সেই দক্ষতা তিনি ওই বয়সেই অর্জন করেছিলেন। আমাদের দুর্ভাগ্য, দীর্ঘদিন এই সৃজনশীল শিল্পীর সৃষ্টিকর্ম থেকে আমরা বঞ্চিত ছিলাম। তাঁর কাছ থেকে বাংলাদেশ যা পেতে পারত, এর অনেকটাই অপূর্ণ রয়ে গেল। তবে তিনি যতটুকু সৃষ্টি করেছেন, সেটুকু কম নয়। লাকী আখান্দ্ বেঁচে থাকবেন বাংলাদেশের শিল্পীদের কণ্ঠে এবং লাখ লাখ শ্রোতার হৃদয়ে।’
শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘তাঁর কাজগুলো সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। তাঁর সব কাজ আমরা সংরক্ষণ করার ব্যবস্থা নেব। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তাঁর গানগুলো আমাদের অনুপ্রেরণা জোগাবে।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের বন্ধু ছিলেন লাকী আখান্দ্। তিনি বন্ধুর সঙ্গে শেষ দেখার স্মৃতিচারণা করে বলেন, ‘লাকী বলেছিল, বন্ধু আমার অনেক বাঁচতে ইচ্ছে করে, আরও অনেক গান গাইতে ইচ্ছে করে।’ তিনি বলেন ‘বন্ধু, তুমি বেঁচে আছ। গান হয়তো আর নতুন করে গাইতে পারবে না। যেগুলো গেয়ে গেছ, সেগুলোই অনেক যুগ আমাদের মধ্যে থাকবে।’
লাকী আখান্দ্কে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সৈয়দ ইকবাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, গণজাগরণ মঞ্চের নেতা কামাল পাশা চৌধুরী প্রমুখ।
সৈয়দ হাসান ইমাম বলেন, ১৯৭২, ৭৩, ৭৪-এ আধুনিক বাংলা গানের অসাধারণ সব সুর করেছিলেন লাকী আখান্দ্। তাঁর যথাযথ মূল্যায়ন হয়নি। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘লাকী আখান্দ্ই সংগীত ভুবনের চমক। আমরা একসঙ্গে কাজ করেছি। সরকার আসবে, যাবে। রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এসব মানুষকে দলের বাইরে চিন্তা করে মূল্যায়ন করতে হবে।’ গোলাম কুদ্দুছ বলেন, লাল-সবুজ পতাকার মতোই তিনি বেঁচে থাকবেন।
বাবার হয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে মেয়ে মামিন্তি বলেন, ‘বাবা দেশের জন্য অনেক কিছু করেছেন। গান দিয়ে মানুষকে আনন্দ দিয়েছেন। তাঁর যদি কোনো ভুল-ত্রুটি থাকে, তবে তাঁকে ক্ষমা করবেন।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে গোলাম কুদ্দুছের নেতৃত্বে শ্রদ্ধা জানানো এবং এক মিনিট নীরবতা পালনের পর শিল্পীর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর শিল্পীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুরে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।