‘আমার গানের মদির ছোঁয়ায়/ গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়/ সে গান শুনে প্রেম-দিওয়ানা/ কবির আঁখি ছলছল।’ শুধু গোলাপ কুঁড়িই নয়, কাজী নজরুল ইসলামের গানে ঘুম টুটে যায় অনেকেরই। সময় পেলেই কবি বাঁশিতে সুর তুলতেন। তাতে ছিল ঘুম-ভাঙানিয়া সুর। গানে ছিল প্রেম ও দ্রোহের বাণী। নজরুলের বিভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় কিছু গান নিয়ে কবিকে স্মরণ করা হলো ‘দেশীদশ’-এর আয়োজনে। কবির ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশীদশ আয়োজন করে ‘আমি তোমারি গাহি গান’ নামের সংগীতানুষ্ঠান। দেশীদশ চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে সংগীত পরিবেশন করেন তানভীরুল আলম।অনুষ্ঠানের শুরুতে দেশীদশের পক্ষে স্বাগত বক্তব্য দেন তাহসীনা শাহীন। সংক্ষিপ্ত আলোচনার পরেই গান। তানভীরুল আলম গেয়ে শোনান ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘পরদেশী মেঘ রে’, ‘পদ্মার ঢেউ রে’, ‘আলগা কর গো খোঁপার বাঁধন’, ‘তেপান্তরের মাঠ’, ‘উচাটন মন ঘরে রয় না’, ‘একি অসীম পিয়াসা’সহ বেশ কয়েকটি গান। ‘আমি চির তরে দূরে চলে যাব’ গানটি দিয়ে শেষ করেন তিনি।বাইরে তখন তুমুল বৃষ্টি। বৃষ্টিভেজা সন্ধ্যায় শিল্পী তানভীরুলের চর্চিত কণ্ঠে পরিবেশিত নজরুলের গীতরসে আপ্লুত হন উপস্থিত দর্শক-শ্রোতারা।ফরাসি সিনেমার ইতিহাস নিয়ে আলোচনাবাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের আয়োজনে গতকাল আলোচনা হলো ফরাসি সিনেমার ইতিহাস নিয়ে। প্রতিষ্ঠানের কলাবাগান কার্যালয়ে ফরাসি চলচ্চিত্র গবেষক মঁসিয়ে ওয়েন বুঁশে ছিলেন প্রধান আলোচক। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে এই আলোচনায় ফরাসি নিউ ওয়েভসহ ফরাসি চলচ্চিত্রের ইতিহাসের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি। শেষে ফ্রাঁসোয়া ত্রুফো পরিচালিত জুলে অ্যান্ড জিম চলচ্চিত্রটি পরিবেশিত হয়।খাঁচার ভিতর অচিন ঋষি‘খাঁচার ভিতর অচিন ঋষি’ শিরোনামে ব্যতিক্রমধর্মী এক স্থাপনা শিল্প প্রদর্শনী চলছে ঢাকা শিল্পকলা একাডেমীর জাতীয় শিল্প গ্যালারিতে।সমাজের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী হিসেবে বিশেষত খুলনা বিভাগ এবং ঢাকা শহরে ‘ঋষি’ গোষ্ঠীর বসবাস। প্রদর্শনীতে মূলত তাদেরই জীবনের বিভিন্ন বিষয়কে বিমূর্ত উপস্থাপনায় তুলে ধরা হয়েছে। সমাজে বসবাস করেও পুরোপুরি সামাজিক সুবিধা ভোগ করতে না পারার যন্ত্রণাকে রূপকভাবে খাঁচার ভিতর বন্দিত্বের সঙ্গে তুলনা করা হয়েছে।ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মূল ভাবনায় কাজ করেছে সামাজিক সংগঠন ‘পরিত্রাণ’। খুলনা এলাকার ‘ঋষি’দের জীবনযাপনকে তাঁরা কাছ থেকে পর্যবেক্ষণ করে পুরো সমাজকে এই জনগোষ্ঠীর জীবনের দিকগুলো জানানোর প্রয়োজন উপলব্ধি করেন। সে লক্ষ্যেই এই প্রদর্শনী। ২৬ মে থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৮ জুন পর্যন্ত।মাসুদা কাজীর একক প্রদর্শনীউত্তরার গ্যালারি কায়ায় আজ শুক্রবার শুরু হচ্ছে শিল্পী মাসুদা কাজীর একক চিত্রপ্রদর্শনী। গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, আজ বেলা সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।