টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনে গতকাল সোমবার প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে দিনভর প্রচারণা চালান তিন প্রার্থী। জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর পক্ষে পথসভা ও গণসংযোগ করেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল জাপার প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহর পক্ষে চারটি নির্বাচনী পথসভা ও একটি জনসভায় বক্তব্য দেন এইচ এম এরশাদ। এসব জনসভায় তিনি বর্তমান মন্ত্রীদের দুর্নীতি ও ব্যর্থতার কড়া সমালোচনা করেন। এরশাদ বলেন, ‘ঘাটাইল উপনির্বাচনে জিতলে আমরা যেমন ক্ষমতায় যাব না, আওয়ামী লীগও ক্ষমতা হারাবে না। তবে জাপার প্রার্থী বিজয়ী হলে সারা দেশে জাতীয় পার্টির ক্ষমতায় আসার বার্তা পৌঁছে যাবে।’এরশাদ সকালে উপজেলার গৌরাঙ্গী গ্রামে জাপার প্রয়াত নেতা আশরাফ গিরানীর কবর জিয়ারত করে দ্বিতীয় দিনের প্রচারণা শুরু করেন। পরে তিনি পাকুটিয়া বাসস্ট্যান্ড, দেওজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, পেচারআটা ইউনিয়ন পরিষদ মাঠ ও সাগরদীঘি বাসস্ট্যান্ডে জনসভায় বক্তব্য দেন।আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান দুপুরে ঘাটাইল উপজেলা নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় করেন। প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ মতবিনিময় সভায় আমানুর রহমান খান গত রোববার তিন দিনের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য সময় বেঁধে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের দেওয়া বক্তব্যের জবাব দেন। আমানুর রহমান বলেন, ‘আমি ঘাটাইলবাসীর আহ্বানে সাড়া দিয়ে জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি কোনো আশীর্বাদপুষ্ট নেতা নই। তাই জনগণকে মাঠে রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না।’ সভায় আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি জুলফিকার হায়দায়, প্রভাষক ওয়াহিদ সিদ্দিকী, জামুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হেস্টিংস প্রমুখ।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম উপজেলার সাগরদীঘি এলাকায় জনসংযোগ করেন। শহিদুল ইসলামের নির্বাচন সমন্বয়কারী শহীদুজ্জামান জানান, গতকাল সারা দিন তাঁদের প্রার্থী পাহাড়ি এলাকা সাগরদীঘি সফর করে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।আওয়ামী লীগের সাংসদ চিকিৎসক মতিউর রহমানের মৃত্যুতে গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন ঘাটাইল আসনে উপনির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করে। ১৮ নভেম্বর এ আসনে ভোট গ্রহণ করা হবে।