পর্যাপ্ত বৃষ্টির অভাবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেশির ভাগ আমন ধানের খেত আগাছায় ভরে গেছে। আগাছা পরিষ্কার করতে ও বাড়তি সেচ দিতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে চাষিদের।
গত শুক্র থেকে রোববার পীরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। উপজেলার খনগাঁও, পীরগঞ্জ, ভোমরাদহ, কোষারানীগঞ্জ, দৌলতপুর, সৈয়দপুর ও হাজিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিয়ে দেখা যায়, আমন ধানের খেতগুলো আগাছায় ভরে আছে। পাশাপাশি বৃষ্টির অভাবে খেতগুলো ফেটে যাচ্ছে। সর্বত্রই কৃষককে খেতের আগাছা পরিষ্কার ও শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে ব্যস্ত থাকতে দেখা যায়।
ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাঁশবাড়ি গ্রামের চাষি পরিজউদ্দীন বলেন, তিনি ছয় বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। শ্রাবণ মাস চলে গেলেও বৃষ্টি নেই। ফলে খেত শুকিয়ে ধুলা উড়ছে। খেতে বিভিন্ন ধরনের আগাছা জন্মানোয় ধানগাছ বাড়তে পারছে না। ছয় বিঘা খেতের আগাছা পরিষ্কারেই ১১ হাজার টাকা খরচ হয়ে গেছে। পানি দিতে আরও খরচ আছে।
নানুহর গ্রামের রবেন চন্দ্র রায় বলেন, ‘এ বছর যে কী হইল। শাওন মাসত এক্কেবারে পানি নাই।...৭ ভাদ্র (২২ আগস্ট) বিকেলে আধঘণ্টার মতো পানি (বৃষ্টি) হইল। কিন্তু মোর আমন ধানের জমিটাই ঠিকমতো ভিজিল নি। জমি শুকায় ফাটে গিচে।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর আমনের মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। গত বছর জুলাই মাসেই (১৫ আষাঢ় থেকে ১৫ শ্রাবণ) উপজেলায় বৃষ্টিপাত হয়েছিল ৩৯৪ মিলিমিটার। এবার ১ শ্রাবণ থেকে ১১ ভাদ্র পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৪৩ মিলিমিটার।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমনের উঁচু খেতগুলোতে আগাছা জন্মেছে বলে চাষিদের কাছ থেকে খবর আসছে। সময়মতো পর্যাপ্ত বৃষ্টি হলে আগাছার হার কম হতো। চাষিদের আগাছা পরিষ্কার ও সম্পূরক সেচ দিতে হচ্ছে। এতে বাড়তি টাকা খরচ হচ্ছে, ঠিক। কিন্তু উপজেলায় ধানখেতের অবস্থা ভালোই রয়েছে এবার।