বৃষ্টির অভাবে আমন চাষ ও পাট জাগে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ় মাসে সামান্য বৃষ্টির পর শ্রাবণ মাসে তেমন বৃষ্টি হচ্ছে না। মাঝেমধ্যে রোদ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কৃষকের কোনো কাজে আসছে না। এতে নীলফামারীর সৈয়দপুরে বৃষ্টির অভাবে কৃষকেরা আমনের চারা লাগাতে পারছেন না। পানির অভাবে কৃষকেরা পাট জাগ দিতেও বিপাকে পড়ছেন।

 গতকাল মঙ্গলবার উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পানির অভাবে জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকেরা। অনেক কৃষক বাধ্য হয়ে গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে জমিতে পানি দিয়ে আমনের চারা রোপণ করছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পানির অভাবে আমনের আবাদ ও পাট জাগ দিতে কষ্ট হচ্ছে। কৃষকেরা আমন চাষাবাদে অগভীর নলকূপ ব্যবহার করছেন। যাঁরা বৈদ্যুতিক গভীর নলকূপ ব্যবহার করছেন, তাঁরা বিদ্যুতের লোডশেডিংয়ে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকায় সেগুলো চালানো সম্ভব হচ্ছে না। ফলে আমন আবাদ ও পাট জাগ দেওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা।

ভরা বর্ষাতেও বৃষ্টি না হওয়ায় নদ-নদী, খাল-বিলের পানি শুকিয়ে যাওয়ায় ওই পানির ওপর নির্ভরশীল হয়ে যাঁরা আমনের জমি আবাদ করেছেন, তাঁরা সবচেয়ে বিপাকে পড়েছেন। তাঁরা কোথাও পানি পাচ্ছেন না। এতে আগাম লাগানো ধানখেতগুলো পানির অভাবে বিবর্ণ হয়ে নষ্ট হচ্ছে। কৃষকেরা ফসল বিপর্যয়ের আশঙ্কা করছেন। সেই সঙ্গে কৃষি বিভাগের উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল বলেন, উপজেলার ৫টি ইউনিয়নে ৮ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে এ পর্যন্ত ৪০ শতাংশ জমিতে আমনের চারা লাগানো হয়েছে। বৃষ্টির অভাবে অবশিষ্ট জমিতে অগভীর নলকূপ দিয়ে কৃষকেরা চারা রোপণের কাজ করছেন।

সময় আছে, তাই সমস্যা হবে না বলে জানিয়ে হোমায়রা মণ্ডল বলেন, কৃষকদের দোগাছি তৈরি করে রাখার জন্য বলা হয়েছে। কৃষকদের পাট রিবনপদ্ধতিতে আঁশ ছড়ানোর পর পচানোর পরামর্শ দেওয়া হচ্ছে।