বৃষ্টির অভাবে আমন রোপণ করতে পারছেন না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত বৃষ্টির অভাবে গাইবান্ধায় আমন ধানের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চারা রোপণের অর্ধেকটা সময় পেরিয়ে যাওয়ায় অনেক কৃষক এখন জমিতে সেচ দিয়ে আবাদ শুরু করেছেন। কৃষকদের আশঙ্কা, সেচের বাড়তি খরচের কারণে এবার কোনো লাভ হবে না।
জেলায় গতকাল শনিবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তারা বলেন, জুলাই মাসে জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩০ মিলিমিটার। গত বছর এর পরিমাণ ছিল ১৬২ মিলিমিটার। জুলাই-আগস্ট আমন রোপণের উপযুক্ত সময়। এ বছর সাত উপজেলায় ১ লাখ ১৯ হাজার ৯৯৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ৩১ জুলাই পর্যন্ত সেচযন্ত্র দিয়ে ২৮ হাজার ৭৯৯ হেক্টর জমিতে আমন চারা রোপণ করা হয়েছে।
গত শুক্রবার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকদের কেউ কেউ ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে আবার কেউ কেউ হাত দিয়ে পানি সেচ দিচ্ছেন। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের ফজলু মিয়া (৫৫) বললেন, এ কয় দিন যে বৃষ্টি হয়েছে তাতে নিচু জমিতে একটু পানি জমেছে। কিন্তু সে পানি দিয়ে জমি তৈরি করা যাচ্ছে না। বাধ্য হয়ে পানি সেচ দিতে হচ্ছে।
একই গ্রামের কৃষক ফরিদ উদ্দিন (৪০) বলেন, এক বিঘা জমিতে পানি দিতে সেচযন্ত্র কমপক্ষে তিন ঘণ্টা ভাড়া নেওয়া লাগে। ঘণ্টায় ১০০ টাকা করে প্রতিদিন ৩০০ টাকা লাগছে। তবে উঁচু জমিতে এ খরচ বেশি। ফলিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম (৫০) বলেন, সময়মতো আমন ধান না লাগালে ফলন ভালো হবে না। তাই বাধ্য হয়ে বেশি খরচ করে চারা রোপণ করছেন।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের কৃষক সোলায়মান আলী (৬০) বললেন, এমনিতে আমন ধানের ফলন সাধারণত কম হয়। এ ছাড়া সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে গেছে। এর ওপর বাড়তি সেচ খরচ। আমন ধানে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠবে না। গ্রামের বর্গাচাষি জলিল সরকার (৬০) বলেন, গত বছর এক বিঘা জমিতে এক ঘণ্টা সেচ দিতে ৮০ টাকা নেওয়া হয়। এ বছর প্রতি বিঘায় নেওয়া হচ্ছে ১০০ টাকা।
এসব বিষয়ে ওই গ্রামের ডিজেলচালিত সেচযন্ত্রের মালিক শাহজাহান প্রামাণিক বলেন, এক ঘণ্টা পানি সেচ দিতে এক লিটার ডিজেল খরচ হয়। এক লিটার ডিজেলের দাম ৭৫ টাকা। এ ছাড়া সেচযন্ত্র চালককেও মজুরি দিতে হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম রুহুল আমীন বলেন, আমনের চারা রোপণের সময়ে জেলায় তেমন বৃষ্টি নেই। তাই কৃষকেরা জমিতে পানি সেচ দিয়ে দ্রুত চারা রোপণ করছেন, যাতে আমন তুলে রবিশস্যের আবাদ করা যায়।