বৃষ্টির অভাবে ঝলসে যাচ্ছে চাগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারের চাগাছের পাতা ঝলসে ও ডাল শুকিয়ে যাচ্ছে। এতে চায়ের উৎপাদন পাঁচ লাখ কেজি কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশের ১৬৬টি চা-বাগানের মধ্যে এই জেলাতেই রয়েছে ৯২টি বাগান।জানা যায়, অধিকাংশ চা-বাগানই বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। বৃষ্টির হেরফের হওয়ায় এর বিরূপ প্রভাব পড়ে চায়ের ওপর। গত বছরও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে চায়ের উৎপাদন কম হয়েছে।চা-বাগান সূত্রে জানা গেছে, জেলার কিছু কিছু এলাকায় সর্বশেষ গত বছরের নভেম্বরে সামান্য বৃষ্টি হয়েছিল। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় বাগানের আশপাশের ছড়া বা খালের পানি শুকিয়ে গেছে। মাটির আর্দ্রতা কমে গেছে। অধিকাংশ চা-বাগানেই সেচব্যবস্থা নেই। এদিকে সন্ধ্যার পর তাপমাত্রা কমে যাচ্ছে। সকাল থেকে শুরু হচ্ছে দমকা হাওয়া। এতে মাটি আরও শুষ্ক হয়ে উঠছে। এ কারণে চাগাছ ঝলসে যাচ্ছে। মাটির আর্দ্রতা না থাকায় চাগাছে কুঁড়ি গজাতে পারছে না। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এক থেকে পাঁচ বছর বয়সী শিশু চাগাছ। অন্য দিকে যেসব গাছ ছাঁটানো হয়েছে, সেগুলোর ডালপালার কাটা অংশের নিচের দিক শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ায় ওই ডালে চা-পাতা আসতে দেরি হবে। কোনো কোনো ডালে ফাঙ্গাস বা ছত্রাক জন্ম নিচ্ছে। বৃষ্টি হতে দেরি হলে লাল মাকড়সার আক্রমণ বেড়ে যাবে।তবে আবহাওয়া অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক গৌতম আচার্য বলেন, গত ২ জানুয়ারি এক মিলিমিটার এবং ৯ জানুয়ারি দুই মিলিমিটার (শ্রীমঙ্গল কার্যালয় এলাকায়) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর আর বৃষ্টি হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাগানের চা-শ্রমিকেরা জানান, আগে চা-বাগানে যথেষ্ট পরিমাণ ছায়াবৃক্ষ ছিল। অবাধে কাটার কারণে এখন অনেক বাগানেই পর্যাপ্ত ছায়াবৃক্ষ নেই। ছায়া কম থাকায় খরার সময় সরাসরি রোদের আক্রমণ চাগাছকে ক্ষতিগ্রস্ত করছে। এতে চা-পাতার গুণাগুণও নষ্ট হচ্ছে।বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের ব্যবস্থাপক শাহজান আখন্দ প্রথম আলোকে বলেন, ‘পানি একদম শুকিয়ে গেছে। শ্রমিকদের খাওয়ার পানিও নেই। তাঁরা নোংরা কাদাপানি ব্যবহার করে খোসপাঁচড়ায় আক্রান্ত হচ্ছেন। গত বছরের নভেম্বরে আমাদের এলাকায় সামান্য বৃষ্টি হয়েছিল।’ ওই ব্যবস্থাপক বলেন, এক সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে গাছ মরা শুরু হবে। এতে মধ্য মার্চে পাতা তোলা সম্ভব হবে না। পাতা তোলা কম করে হলেও এক মাস পিছিয়ে যাবে।টি বোর্ড সূত্রে জানা যায়, বৃষ্টি না হওয়ায় শিশু চাগাছ দুর্বল ও পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে। শিশু গাছ ১৫ থেকে ২০ শতাংশ, নার্সারিতে ৪০ শতাংশ এবং পরিণত গাছ ১০ শতাংশের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছর অন্তত পাঁচ লাখ কেজি চা উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১০ সালে চা-পাতার উৎপাদন ছিল ছয় কোটি ৪০ হাজার কেজি। গত বছর উৎপাদন হয়েছে পাঁচ কোটি ৯১ লাখ ৬০ হাজার কেজি। উৎপাদন কমেছে আট লাখ ৪০ হাজার কেজি।টি বোর্ডের উপপরিচালক (ব্যবসা) নবী হোসাইন প্রথম আলোকে বলেন, বাগানগুলো ব্যক্তিমালিকানাধীন। যাঁদের সেচব্যবস্থা আছে, তাঁদের বাগানে খরার প্রভাব তেমন পড়ে না। চা-শিল্পের সৃষ্টিলগ্ন থেকে এ রকম চলে আসছে।