বৃষ্টির অভাবে মরছে চা-গাছ উৎপাদন হ্রাসের আশঙ্কা
প্রায় তিন মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের অধিকাংশ চা-বাগানের চারা গাছ নষ্ট হয় যাচ্ছে। বাগানে রোগবালাই ও লাল মাকড়সার আক্রমণ বাড়ছে। সেচ-সুবিধা না থাকায় বেশির ভাগ চা-বাগানেই এবার উৎপাদন কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে।চা-বাগানসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় মোট ৯২টি চা-বাগান আছে। শীত মৌসুমে বাগানের পুরোনো চা-গাছ উপড়ে নতুন চারা রোপণ করা হয়, না হলে পুরোনো গাছ ছেঁটে দেওয়া হয়। ওই সময় সেচের প্রয়োজন পড়ে। তাই মাঘ মাসের বৃষ্টি চা-বাগানের জন্য খুবই উপকারী। গত বছরের ২৯ ফেব্রুয়ারি, ৩ ও ৬ মার্চ চা-বাগান এলাকায় পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ভালো উৎপাদন হয়েছে। কিন্তু এবার এখনো বৃষ্টিপাত হয়নি। ফলে এরই মধ্যে বাগানের চারা গাছ (যেগুলোর বয়স এক থেকে পাঁচ বছর) মরে যেতে শুরু করেছে। ক্লোন চা-গাছের চারার ডাল ওপর থেকে শুকিয়ে নিচের দিকে নামছে। এক সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে এই মড়ক ব্যাপক আকার ধারণ করতে পারে।এ ছাড়া চা-বাগানে লাল মাকড়সার আক্রমণসহ বিভিন্ন রোগবালাই বাড়ছে। অন্যদিকে বর্তমানে রাতে ও দিনে তাপমাত্রা ওঠানামা করছে। সবকিছু মিলিয়ে এবার চায়ের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।নাম প্রকাশ না করে কয়েকটি চা-বাগানের ব্যবস্থাপক জানান, চট্টগ্রাম, সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় কিছু চা-বাগানে স্থায়ী সেচ-সুবিধা আছে। এ ছাড়া ৯০ শতাংশ চা-বাগানেই সেচ-সুবিধা নেই। চা-বাগান এলাকায় পানির উৎস ছড়াগুলোও (খাল) শুকিয়ে গেছে। বিশুদ্ধ খাওয়ার পানি ও গোসলের পানির সংকটে আছেন চা-শ্রমিকেরা। এ ছাড়া অনেক চা-বাগানেই পর্যাপ্ত ছায়াবৃক্ষ (শেড ট্রি) নেই। নিউ সমনবাগ চা-বাগানের ব্যবস্থাপক শাহজাহান আখন্দ বলেন, ‘সময়মতো বৃষ্টি না হলে চারা গাছ মারা যাওয়া, লাল মাকড়সাসহ বিভিন্ন রোগবালাইয়ের প্রাদুর্ভাব বাড়বে। এতে উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে।’ এদিকে কমলগঞ্জ উপজেলার চা-বাগান এলাকায় প্রায় চার মাস ধরে বৃষ্টি হয়নি। এতে উপজেলার ২২টি চা-বাগানের অনেক চারা গাছ মরে গেছে। ইতিমধ্যে ৫ থেকে ১০ শতাংশ পুরোনা চা-গাছ নষ্ট হয়ে গেছে। চা গাছে লাল মাকড়সা এবং বাগানের নার্সারিতে একধরনের ফড়িংয়ের আক্রমণ দেখা দিয়েছে। ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন চাম্পারায় চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ অনাবৃষ্টিতে চা-গাছ শুকিয়ে মারা যাচ্ছে। কীটনাশক ব্যবহার করেও মাকড়সার আক্রমণ রোধ করা যাচ্ছে না।আবহাওয়া অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘এ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। দিন দিন তাপমাত্রা দু-এক ডিগ্রি করে বাড়ছে। মার্চের শেষ সপ্তাহে বা এপ্রিল মাসের প্রথম দিকে বৃষ্টিপাত হতে পারে। এর আগে সম্ভাবনা নেই।’