রেণু পোনা উৎপাদনের ভরা মৌসুমে যশোরে বৃষ্টির দেখা নেই। এ কারণে দেশের বৃহত্তম রেণু পোনা উৎপাদনক্ষেত্র যশোরের চাঁচড়া মৎস্যপল্লিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে পুরুষ মাছের শুক্রাণু ও মা-মাছের ডিম নষ্ট হচ্ছে। ফলে হ্যাচারিগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে মৎস্যচাষি ও হ্যাচারিমালিকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে৷
যশোর মতিউর রহমান বিমানঘাঁটির অাবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মাসে যশোর অঞ্চলে ১২৮ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা রয়েছে। সেখানে গতকাল ২০ মে পর্যন্ত মাত্র ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এপ্রিলে বৃষ্টি হয়নি। যে কারণে এ অঞ্চলের আবহাওয়া তেতে উঠেছে। যশোরে এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত গড় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
মাছের ডিম থেকে পোনা হওয়ার জন্য ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে সার্বক্ষণিক তাপমাত্রা বিরাজ করছে। জলবায়ু পরিবর্তনের কারণে গত ২০ বছরের মধ্যে এ বছরই প্রথম যশোর অঞ্চলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। গত মঙ্গলবার চাঁচড়া হ্যাচারিপল্লিতে গিয়ে দেখা গেছে, অধিকাংশ হ্যাচারিতে রেণু উৎপাদন বন্ধ রয়েছে। যে কয়েকটি হ্যাচারি চালু রয়েছে, সেখানে স্বল্প পরিমাণে উৎপাদন করা হচ্ছে।
যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান বলেন, বৃষ্টির সঙ্গে রেণু পোনা উৎপাদন ও বিক্রির একটি গভীর যোগসূত্র রয়েছে। বৃষ্টিপাত না হওয়ার কারণে গত বছরের তুলনায় এ বছর রেণু উৎপাদন চার ভাগের এক ভাগে নেমে এসেছে। গত বছর বৈশাখ মাসে সমিতির ৩৭টি হ্যাচারিতে অন্তত ২২ হাজার কেজি রেণু উৎপাদন করা হয়েছে। এ বছর বৈশাখে মাত্র চার থেকে পাঁচ হাজার কেজি রেণু পোনা উৎপাদন করা সম্ভব হয়েছে। তাপমাত্রার কারণে ডিম ফোটার হার কমে গেছে। পুরুষ মাছের শুক্রাণু দুর্বল হয়ে অস্বাস্থ্যকর রেণুর জন্ম হচ্ছে। তা ছাড়া, বাজারে রেণুর তেমন চাহিদা নেই। দামও কমে গেছে। চাঁচড়া মৎস্যচাষি সমিতির সহসভাপতি রবিউল ইসলাম বলেন, তাঁর ছয়টি পুকুর (সব মিলিয়ে ৩০ বিঘা) রয়েছে। পুকুরে পাঙাশের পাঁচ লাখ পোনা ছাড়াও রুইসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রয়েছে। কিন্তু ক্রেতা না থাকায় তা বিক্রি করতে পারছেন না৷
যশোর হ্যাচারি মালিক সমিতি সূত্রে জানা গেছে, বৈশাখ থেকে ভাদ্র মাস (এপ্রিল-আগস্ট) পর্যন্ত রেণু পোনা উৎপাদনের ভরা মৌসুম চলে। গত বছর এ মৌসুমে সমিতির ৩৭টি হ্যাচারি থেকে এক লাখ ৮৬ কেজি রেণু পোনা উৎপাদন করা হয়। এ বছর দুই লাখ কেজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
যশোর হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান ২০ মে বলেন, দু-এক দিনের মধ্যে বৃষ্টি হলে এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। তা না হলে হ্যাচারি বন্ধ করে দিতে হবে। কারণ, হ্যাচারি চালানোর খরচ উঠছে না। পুকুর ইজারা, খাদ্য, শ্রমিক, বিদ্যুৎ বিলসহ নানা খরচ দিয়ে এক কেজি রেণু পোনা উৎপাদন করতে প্রায় দুই হাজার টাকা খরচ পড়ে। চাহিদা কম থাকায় তা বর্তমানে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
মৎস্য অধিদপ্তরের উন্মুক্ত জলাশয় বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের পরিচালক মিজানুর রহমান বলেন, মেঘ ডাকা ও বৃষ্টির সঙ্গে মা-মাছের ডিম ছাড়া, প্রস্ফুটন ও পরিপক্কতা— সবকিছু নির্ভর করে। ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিম থেকে বাচ্চা বের হওয়ার অনুকূল। ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলেই উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।