বগুড়ার শিবগঞ্জে দুধের দরপতন হয়েছে। এক সপ্তাহে গরুর দুধের দাম অর্ধেকে নেমে এসেছে। এখন মাত্র ২০ টাকায় পাওয়া যাচ্ছে এক কেজি দুধ। কয়েক দিনের লাগাতার বৃষ্টির কারণে দুধের দাম কমে গেছে বলে জানা গেছে।
এদিকে কম দামে দুধ কিনতে পারায় ক্রেতারা ভীষণ খুশি। তবে বিক্রেতারা হতাশা প্রকাশ করেছেন। রোজার আগে এই সময়টায় যখন দুধের দাম বাড়তে থাকে, তখন উল্টো কমে গেল।
স্থানীয় কয়েকজন দুধ বিক্রেতা জানান, এ উপজেলার অনেক মানুষ গরু লালন-পালন করেন। বৃষ্টির কারণে বড় ক্রেতারা এলাকায় আসছেন না। তার ওপর দই-মিষ্টি তেমন তৈরি হচ্ছে না। পাশাপাশি বৃষ্টির কারণে আমন ধানের জন্য অপেক্ষা করা কৃষকের খেত ঘাসে ভরে গেছে। আর খাদ্য হিসেবে পর্যাপ্ত ঘাস পেয়ে গরুর দুধের উৎপাদনও বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। ফলে চাহিদার তুলনায় অতিরিক্ত দুধ উৎপাদনের কারণে দুধের দাম কমে গেছে। কয়েক দিন ধরে এ উপজেলায় প্রতি কেজি দুধ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার বেলভূজা গ্রামের কৃষক আজিজার রহমান বলেন, ‘আমার চারটি গরুর মধ্যে দুটি দুধ দেয়। টাটকা ঘাস খেয়ে গরুর দুধের উৎপাদন বেড়েছে। আগে পেতাম দুটির মিলে পাঁচ কেজি। এখন হচ্ছে সাড়ে আট কেজি।’ আটমুল মাদ্রাসার শিক্ষক এমদাদুল হক বলেন, ‘রোজার আগে এ সময়টায় দুধের দাম কম থাকায় আমি খুব খুশি।’