বৃষ্টির কারণে হাটে গরু কম, দাম বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল মঙ্গলবার দিনভর বৃষ্টির কারণে হাটে পশু ছিল কম। এতে বৃষ্টি উপেক্ষা করে হাটে আসা ক্রেতারা বিপাকে পড়ে। হাটে গরু কম থাকায় দামও ছিল বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া জেলায় এবার ২৫টি পশুর হাট বসেছে। ঈদুল আজহার মাত্র দুই দিন বাকি থাকায় ক্রেতারা এসব হাটে ভিড় করলেও গরুর সংখ্যা ছিল কম। এ ছাড়া এসব হাট ছিল কাদাপানিতে একাকার। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়কেই চরম দুর্ভোগ পোহাতে হয়।
সোনাতলা উপজেলার বালুয়ার হাটে গতকাল গরু কিনতে আসা নুরুল বাশার বলেন, ‘বড় আকারের একটি গরু কিনতে চাই। এই হাটে এসে দেখি, বড় কোনো গরু নেই। ছোট ও মাঝারি আকারের অল্প কয়েকটি গরু থাকলেও দাম অনেক বেশি।’
তবে গত সোমবার বগুড়ার পশুর হাটগুলোতে ছিল ভিন্ন চিত্র। হাটে ক্রেতার তুলনায় পশুর সরবরাহ ছিল বেশি। দাম ছিল তুলনামূলক অনেক কম।
কয়েক দিন আগে যে গরু ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেই গরুর দাম সোমবার নেমে আসে ৪০ থেকে ৪২ হাজার টাকায়। দাম কমে যাওয়ায় সেদিন বিপাকে পড়েন খামারি ও গরু ব্যবসায়ীরা। দিনশেষে বেশির ভাগ গরু ব্যবসায়ী হাট থেকে গরু ফেরত নিয়ে গিয়েছিলেন।
সোমবার সুলতানগঞ্জ হাটে গরু কিনতে আসা তিন থেকে চারজন ক্রেতা-বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট কাদাপানিতে পশু কেনাবেচায় দুর্ভোগ পোহাতে হয়েছে। সরবরাহ বেশি থাকায় পশুর দামও কম।
এ ছাড়া নামুজা ও বুড়িগঞ্জ পাশাপাশি দুই হাটে গরুর সরবরাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু ক্রেতার সংখ্যা ছিল হাতে গোনা। দাম কম হওয়ায় দুই হাট থেকেই দিনশেষে অনেক ব্যবসায়ী গরু ফেরত নিয়ে যান।