বৃষ্টির জন্য এক প্রার্থীর প্রার্থনা, অন্যজনের অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি নির্বাচন
গাজীপুর সিটি নির্বাচন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে ৬ জুলাই। মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীসহ সব প্রার্থীই ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাইছেন ভোট। ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি প্রকৃতির কাছ থেকেও বাড়তি কিছু প্রার্থনা করছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। প্রকৃতির কাছে একজনের প্রার্থনা, এই আষাঢ়ে নির্বাচনের আগে যেন অতিবৃষ্টি না হয়। অন্যজন নিশ্চয় ভাবছেন, ভারী বৃষ্টি হলে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তাঁর প্রচারণাটা ভালোই জমবে।গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের অধিকাংশ এলাকার অন্যতম সমস্যা জলাবদ্ধতা। একটু ভারী বৃষ্টি হলেই পাড়া-মহল্লার অলিগলিসহ প্রধান সড়ক পানিতে ডুবে যায়। ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ে নগরবাসী। নির্বাচনের আগে ভারী বৃষ্টিতে টঙ্গীতে জলাবদ্ধতার সৃষ্টি হলে প্রচারণার সময় বেকায়দায় পড়বেন টঙ্গী পৌরসভার ১৭ বছরের মেয়র ও ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান। আর ঠিক ওই পরিস্থিতিকেই তাঁর বিরুদ্ধে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোট টানার চেষ্টা করবেন ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান।খোঁজ নিয়ে জানা গেছে, টঙ্গী অঞ্চলের গাজীপুরা, সাতাইশ ও এর আশপাশের রাস্তাঘাট, এরশাদনগর বস্তি এলাকার রাস্তা, হোসেন মার্কেটের সামনের মহাসড়ক, দত্তপাড়ার বনমালা সড়ক ও লেদুমোল্লা সড়ক, আউচপাড়ার মোক্তাবাড়ী সড়ক, সফিউদ্দিন সড়ক, কলেজ রোড ও সুরতরঙ্গ সড়ক, পৌর কার্যালয়ের পাশের সড়ক ও মোল্লাবাড়ী সড়ক, মাছিমপুরের তালতলা সড়ক, স্টেশন সড়ক, কলাবাগান সড়ক ও মেঘনা সড়ক, মুন্নু নগরের মিলবাজার সড়ক, আরিচপুরের মধুমিতা সড়ক, শেরেবাংলা সড়ক, হাফিজউদ্দিন ব্যাপারী সড়ক, মাদ্রাসা সড়ক ও চান্দুগাজী সড়ক, টঙ্গী বাজারের আনারকলি সড়ক ও বউবাজার সড়ক, দেওড়ার হাজী জমশের আলী সড়ক, আদর্শপাড়ার আনসার আলী সড়ক এবং চন্ডীপাড়া মূল সড়কসহ অধিকাংশ সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনের দাবিতে ৮ মে কলেজ রোডে মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। গত ২৩ ও ২৪ মে দুই দিন টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নিচতলা দুই ফুট পানিতে ডুবে ছিল।

জলাবদ্ধতার ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের নগর উন্নয়ন কর্মকর্তা মো. মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পানিনিষ্কাশনের প্রধান নির্গমন নালা না থাকায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। গাজীপুরা থেকে গুটিয়া, আউচপাড়া থেকে গাজীপুরা, আউচপাড়া থেকে আরিচপুর হয়ে টঙ্গী বাজারের ওপর দিয়ে তুরাগ নদ পর্যন্ত পানির প্রধান নির্গমন নালা করা হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব।

সাতাইশ ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোকসেদুর রহমান বলেন, এবার নির্বাচন হচ্ছে বর্ষা মৌসুমে। এ জন্য জলাবদ্ধতায় জনদুর্ভোগের বিষয়টি ভোটারদের সামনে চলে আসতে পারে। এর প্রভাব পড়তে পারে ভোটে।

আউচপাড়া এলাকার সফিউদ্দিন সড়কের বাসিন্দা মো. হারুনুর রশিদ বলেন, ‘অপরিকল্পিত, অগভীর ও সরু ড্রেন নির্মাণের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ড্রেন নিয়মিত পরিষ্কারও করা হয়নি। এখন ভোট পেতে প্রার্থীরা কত রকম প্রতিশ্রুতি দেবেন। কিন্তু আমরা চিন্তাভাবনা করেই ভোট দেব।’

১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের প্রধান নির্বাচন সমন্বয়ক হাসান উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ড্রেন নির্মাণের নামে অর্থ লুটপাট হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবেন।

 তবে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লার প্রধান নির্বাচন সমন্বয়ক আ ক ম মোজামেঞ্চল হক দাবি করেন, ‘জলাবদ্ধতা বলতে যা বোঝায়, টঙ্গীতে তা নেই। বৃষ্টি থামার আধঘণ্টার মধ্যেই পানি সরে যায়। তার পরও এই একটি সমস্যার বিবেচনায় জনগণ ভোটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।’

নির্বাচনে ডগ স্কোয়াড: আমাদের ঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, গাজীপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড রাখা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল বৃহস্পতিবার গাজীপুর সিটি নির্বাচন ও কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, শ্রমিক-অধ্যুষিত গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ছোটখাটো বিষয় থেকে অনেক বড় কিছু ঘটে যেতে পারে। সে জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় কমিশনের সমেঞ্চলনকক্ষে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও আবু হাফিজ, কমিশন সচিবালয়ের সচিব মোহামঞ্চদ সাদিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।