বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে!

রীতিমতো বিয়ের অনুষ্ঠান। দুটি ব্যাঙকে সাজানো হয় হলুদ দিয়ে। সাজানো হয় চালন-কুলা। চালন-কুলায় রাখা হয় পান, সুপারি, দূর্বাঘাস, মিষ্টি, মাটির গুঁড়াসহ বিয়ের উপকরণ। দুই ব্যাঙের পক্ষে বিভক্ত হয়ে কিশোর-কিশোরীরাও সেজেছিল। চলল তাদের নাচ-গান পরিবেশনাও।
বৃষ্টির আশায় শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে এই ‘বিয়ে’ হয়। ‘বিয়ে’ শেষেই অবশ্য ব্যাঙ দুটিকে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।
বিয়ে অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম গোপালপুর গ্রামের জাহানারা আক্তার, মুন্নী খাতুন ও তিন্নি প্রথম আলোকে জানায়, দুই সপ্তাহ ধরে গ্রামে প্রচণ্ড খরা চলছে। বৃষ্টি হচ্ছে না। পাশাপাশি চলছে বিদ্যুিবভ্রাট ও লোডশেডিং। পানির অভাবে বোরোধানের জমি ফেটে যাচ্ছে। ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, এমন ধারণা থেকেই বিয়ের উদ্যোগ নেওয়া হয়। রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ব্যাঙের বিয়ের কথা নিশ্চিত করেছেন।
আজ বিকেলেই অবশ্য দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। তবে গাইবান্ধার কোথাও বৃষ্টি হয়নি বলে জানা গেছে।