
আইজি গেইট থেইক্যা আইছি তিনছো টাকা সিএনজি ভাড়া দিয়া। রাস্তা পানিতে ডুইব্য গেছে। ব্যাটায় একছো টাকা ভাড়া বেছি লইল। কী করুম, ঈদের বাজার, মাইয়ারে লাইয়া আইছ্যা পড়লাম’ বলছিলেন আমেনা খাতুন। মেয়ে মিথিলা আহমেদকে নিয়ে তিনি গতকাল রোববার দুপুরে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটিতে।পুরো শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ, নয়াপল্টন, সার্কিট হাউস রোড তখন ডুবে আছে আধহাঁটু পানির তলায়। শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত যে বর্ষণ হয়েছে, তাকে অনায়াসেই শহর ভাসানো বৃষ্টি বলা যায়। বেলা দেড়টা নাগাদ বর্ষণ থেমে গেলেও আকাশ থাকল গম্ভীর হয়ে। অন্য সময় হলে এমন দিনে ঘর ছেড়ে বের হওয়ার কথা ভাবতেন না অনেকেই। কিন্তু ঈদ সমাগত। কাজেই বৃষ্টি ছেড়ে যেতেই কেনাকাটা করতে বেরিয়ে পড়েন নগরবাসী। পুরান ঢাকার গেন্ডারিয়ার আইজি গেট থেকে আসা আমেনা খাতুন জানালেন, তাঁরা কর্ণফুলী গার্ডেন সিটি থেকেই বরাবর কেনাকাটা করে থাকেন। মেয়ের জন্য তিনি কিনেছেন ‘আশিকি-টু’ নামের একটি থ্রিপিস চার হাজার টাকায়। এবার ঈদে বাচ্চাদের দৃষ্টি কেড়েছে ভারতের তৈরি জমকালো পোশাকগুলো। সম্প্রতি বলিউডি যেসব সিনেমা জনপ্রিয় হয়েছে সেই সিনেমার নায়ক-নায়িকারা যেসব পোশাক পরেছেন সেগুলোই এসেছে ঈদের বাজারে। এসব পোশাকের নামও রাখা হয়েছে সিনেমাগুলোর নামে। এসব পোশাকের মধ্যে আছে দাবাং-টু, ঝিলিক, হাঙ্গামা, এক থা টাইগার, তেরে লিয়ে। এই মার্কেটের সোহা ফ্যাশনের বিক্রয় প্রতিনিধি খায়রুল ইসলাম জানালেন, নেটের ওপর ভেলভেট এবং রঙিন পাথর ও কারচুপির কাজ করা এই থ্রিপিসগুলো ক্রেতাদের খুবই পছন্দ। দাম চার হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া থাইল্যান্ডেরও কিছু পোশাক আছে শিশু ও কিশোরীদের জন্য।
বালকদের পোশাকের মধ্যে একেবারে ছোটদের জন্য আছে ‘বাবাসুট’ নামের একরকম নরম কাপড়ের শার্ট ও প্যান্ট। এ ছাড়া জিনস ও গ্যাবার্ডিনের থ্রি-কোয়ার্টার বা ফুল প্যান্ট এবং তার সঙ্গে মিল রেখে তৈরি শার্ট বা টি-শার্ট। এগুলোর দাম ৮০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। ভারতীয় একটি জনপ্রিয় সিনেমার নামে নামকরণ করা ‘পাগলু’ নামের একটি বিশেষ ডিজাইনের টি-শার্ট বালকদের বড়ই পছন্দ। জিনসের প্যান্টের সঙ্গে তারা এটি কেনার বায়না করছে সঙ্গে আসা মা-বাবার কাছে। মুগদাপাড়া থেকে ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ তসির এসেছিলেন ছেলে আফিন আহমেদ ও মেয়ে জয়তুনকে নিয়ে কর্ণফুলী গার্ডেন সিটিতে। ছেলের জন্য পাগলু সেট কিনেছেন। মেয়ের কিছুই মনে ধরছে না। তাই তাকে নিয়ে ঘুরছিলেন দোকানে দোকানে।
এবার ঈদের কেনাকাটা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে না। রমজানের প্রথম দিকে গেল টানা হরতাল। এরপর আবার বৃষ্টির দুর্ভোগ। যে কটি দিন বাকি আছে ভালোয় ভালোয় কাটবে এই আশা ক্রেতা-বিক্রেতা সবারই।