
থেমে থেমে আষাঢ়ের বৃষ্টি। মঞ্চের সামনের চেয়ারগুলো তাই ফাঁকা। আশপাশেও দর্শক-শ্রোতা নেই। কিন্তু ক্লোজআপ তারকা সালমা-রিংকুরা যখন গান শুরু করলেন, বৃষ্টি উপেক্ষা করে ছুটে এলেন দর্শকেরা। এরপর কণা-আসিফ-এলআরবি আর চিরকুটের গানে জমজমাট হয়ে উঠল পুরো অনুষ্ঠান। সুরের মূর্ছনা আর কথার মায়াজালে চলল মাদককে ‘না’ বলা।
আজ শুক্রবার বিকেলে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে হয়ে গেল বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট। প্রথম আলো ট্রাস্ট ও বাংলালিংক যৌথভাবে এই কনসার্ট আয়োজন করে। সম্প্রচার সহযোগী ছিল চ্যানেল আই ও এবিসি রেডিও। সার্বিক সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা ও কনকর্ড। ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসকে সামনে রেখে এই কনসার্টের আয়োজন করা হয়।
পুরো অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন অভিনেতা সাজু খাদেম। অনুষ্ঠানের শুরুতেই পুঁথি পাঠ করেন কাব্য কামরুল। জয়নাল নামে এক তরুণ কীভাবে নেশার জগতে ঢুকে পড়ে, তার ধারা বর্ণনা তুলে ধরেন তিনি।
এরপর ক্লোজআপ তারকা সালমা এসে গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন। তাঁর ‘বাড়ির কাছে আরশিনগর’ গানটি সবাইকে মুগ্ধ করে। এরপর অভিনয়শিল্পী নিপুণ মঞ্চে ওঠেন। উপস্থাপক সাজু খাদেমের সঙ্গে নিপুণের কথার খুনসুটি বেশ উপভোগ করেন দর্শকেরা? নিপুণের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এরপর সবাই মাদককে ‘না’ বলেন। এ সময় তাতে যোগ দেন চিত্রনায়ক ইমন।
এরপর বক্তব্য দিতে এসে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রথম আলো সব সময় এই দেশের মানুষের কল্যাণে আছে। আর তাই সামাজিক দায়বদ্ধতা থেকে প্রথম আলো নানা কর্মসূচি পালন করে।’
দর্শকদের উদ্দেশে আব্দুল কাইয়ুম বলেন, ‘আমরা নিজেরা প্রথমে মাদককে “না” বলব। এরপর বন্ধুবান্ধবদের সেটি বলব। আর কেউ মাদক ব্যবসা করলে তাকে ধরিয়ে দেব।’
এরপর একে একে মঞ্চে আসেন শিল্পী আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ডদল এলআরবি, চিরকুট, আসিফ আকবর, কনা, সালমা, নিপুণ, ইমন ও রিংকু। তাঁরা সবাই একসঙ্গে হাত তুলে মাদককে ‘না’ বলেন। এ সময় দর্শকেরাও মাদককে ‘না’ বলার প্রতিশ্রুতি দিয়ে হাত তোলেন।
প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘অনেকেই শখ করে প্রথমে সিগারেট ও মাদক সেবন শুরু করে। তারা ভাবে, তারা নেশা করবে না। কিন্তু মাদকের রাসায়নিক দ্রব্য তাদের নেশায় আচ্ছন্ন করে ফেলে। তাই মাদকের ফাঁদ থেকে সবাইকে দূরে থাকতে হবে।’ বাংলালিংকের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক খন্দকার আশিক ইকবাল।
বক্তব্য পর্ব শেষে মঞ্চে এসে ফের দর্শকদের মাতিয়ে তোলেন রিংকু। এরপর মঞ্চে এসে বৃষ্টির গান শুরু করেন কনা। তাঁর চার ছক্কা গানটির সঙ্গে দর্শকেরাও সুর মিলিয়ে নাচতে থাকে। এরপর মঞ্চে আসেন আসিফ আকবর। পরপর দুটি গান গেয়ে মঞ্চ ছাড়ার আগে তিনিও কনার মতো সবাইকে মাদকের বিরুদ্ধে ‘না’ বলান। তারপর গান গাইতে আসে ব্যান্ডদল চিরকুট। ‘জাদুর শহর’ ও ‘কানামাছি’ তাদের এই দুটো গান শেষে মঞ্চে আসেন দর্শকদের বহুল প্রতীক্ষিত শিল্পী আইয়ুব বাচ্চু। ‘রাখে আল্লাহ মারে কে?’, ‘মন চাইলে মন পাবে’, ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ গানগুলো গেয়ে পুরো কনসার্ট মাতিয়ে তোলেন তিনি। গানের সঙ্গে তাঁর গিটার সবাইকে মুগ্ধ করে। রাত সোয়া আটটায় যখন অনুষ্ঠান শেষ হয়, তখনো যেন পুরো ফ্যান্টাসি কিংডম জুড়ে ছিল সুরের মূর্ছনা আর মাদককে ‘না’ বলার প্রতিধ্বনি।