বৃষ্টির দেখা নেই, দাবদাহ আরও বেড়েছে
মে মাসের প্রায় পুরো সময় দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির দেখা মিলছে না। আবহাওয়া বিভাগের পর্যবেক্ষণে চলতি মাসে শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত প্রায় সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৬৫ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প কম আসায় বাতাসও অপেক্ষাকৃত গরম। ফলে দেশজুড়ে দাবদাহের দাপট আরও বেড়েছে। দুই দিন ধরে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহটি আরও নতুন এলাকায় বিস্তৃত হয়েছে। রাজধানীবাসীও পড়েছে দাবদাহের কবলে।গতকাল সারা দিন দাবদাহের দাপটে কাবু হয়ে ছিল রাজধানীবাসী। তীব্র যানজট আর ধুলোর শহর রাজধানীতে এই তীব্র গরম জনজীবনকে আরও বেশি অতিষ্ঠ করে তুলেছে। পিচঢাকা পথ আর কংক্রিটের ভবনে বসে গরমের আঁচ আরও বেশি করে লেগেছে। দিনভর লোডশেডিং গরমের যন্ত্রণাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে।আবহাওয়া বিভাগ বলছে, আজও ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, নোয়াখালী, পাবনা ও চাঁদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ অব্যাহত থাকবে। আজ দিন ও রাতের তাপমাত্রা গতকালকের মতোই থাকবে। তবে আগের দিনের তুলনায় গতকাল সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। কাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া বিভাগ দাবদাহের পাশাপাশি বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলেছে। ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে। এতে চলতি সপ্তাহ থেকে মিয়ানমারে বৃষ্টিপাত শুরু হয়ে জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রাম ও কক্সবাজারে বৃষ্টি শুরু হতে পারে। পরের সপ্তাহে, অর্থাৎ জুনের মাঝামাঝি রাজধানীসহ দেশের অন্যান্য এলাকার মানুষ টানা মৌসুমি বায়ুজনিত বৃষ্টিপাতের মুখে পড়তে পারে।